প্রেক্ষাগৃহে 'শুনতে কি পাও!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, ‘বছর চারেক আগে আমরা খুলনার দক্ষিণাঞ্চলে দাকোপ থানার সুতারখালি গ্রামে গিয়েছিলাম। ২০ মাস আমরা সেখানে থেকেছি। গ্রামের সাধারণ মানুষের প্রতিদিনের জীবন কাছ থেকে দেখেছি, ক্যামেরাবন্দী করেছি। শুনতে কি পাও! ছবিটি সেই সব মানুষের জীবনের এক সংক্ষিপ্ত উপাখ্যান।’

সাইমন জানান, শুনতে কি পাও! ছবির ব্যাপারে দর্শকদের প্রথম আগ্রহ তৈরি হয় জার্মানির ডক-লাইপজিগ উৎসব থেকে। বিশ্বের অন্যতম পুরোনো এই প্রামাণ্য উৎসবের ৫৫তম আসরে উদ্বোধনী ছবি ছিল এটি। এরপর ছবিটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক উৎসব থেকে আমন্ত্রণ পায়, প্রদর্শিত হয়। নির্মাণ পর্যায়েই সুইজারল্যান্ড আর নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পেয়েছে চারটি প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার এবং এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারিতে শ্রেষ্ঠ পিচ পুরস্কার।

সাইমন বলেন, ‘শুনতে কি পাও! প্রামাণ্য চলচ্চিত্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরস্কার আর সম্মান পেয়েছি ঠিকই, কিন্তু এ দেশের দর্শকদের ছবিটি কবে দেখাতে পারব, সেই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আশা করছি, দর্শক স্টার সিনেপ্লেক্সে এসে ছবিটি দেখবেন। আর এ দেশে শুনতে কি পাও! ছবির সব কটি প্রদর্শনী প্রয়াত চিত্রনির্মাতা তারেক মাসুদের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।’