প্রেম, প্রকৃতি ও মানুষের কবিতা
শেষ হলো কবিতা অনুরাগী শ্রোতা, আবৃত্তিশিল্পী, পাঠক, কর্মী ও সংগঠকদের মিলনমেলা সপ্তাহব্যাপী জাতীয় কবিতা উৎসব। ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’—স্লোগান নিয়ে গত ২৬ জুন এ উৎসব শুরু হয়। জাতীয় নাট্যশালায় উৎসবের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সহযোগিতা দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবে মুক্তিযুদ্ধসহ বাঙালির নানা অধিকার আদায়ের আন্দোলনবিষয়ক কবিতার পাশাপাশি প্রেম, ভালোবাসা, জীবন ও প্রকৃতির কবিতা আবৃত্তি করেন দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দেড় শ আবৃত্তি সংগঠনের শিল্পীরা।গতকাল শনিবার উৎসবের শেষ দিনে ছিল ঢাকার বাইরের ২৪টি দলের পরিবেশনা। এতে দলীয় আবৃত্তিতে অংশ নেয় আটটি দল। একক আবৃত্তি করেন ১৬টি দলের সদস্যরা।কাজী মাহতাবের গ্রন্থনা ও নির্দেশনায় কুমিল্লার দল আবৃত্তি সংসদের ‘নূহের নৌকা’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আবৃত্তিতে অংশ নেন অনিতা, নাবিল, নুযহাত, রাকিব, নাসরিন প্রমুখ। কাকলী দের নির্দেশনায় ফেনীর শ্রুতি আবৃত্তি অঙ্গন পরিবেশন করে ‘ঘর ও মানুষের স্বপ্ন সংগ্রাম’। আবৃত্তিতে অংশ নেন স্বপ্নীল, মনিকা, শিখা, দাউদ, মেঘলা ও কাকলী। এ ছাড়া রাশেদ মাযহারের গ্রন্থনা ও নির্দেশনায় ‘মানুষ জাগবে ফের’ পরিবেশন করে ফেনীর অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনন পরিবেশন করে ‘বাঙময় নরম মাটিতে অসুরের পদশব্দ’। সরদার আলী হোসেনের নির্দেশনায় চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার গ্রাস’। ফাতেমাতুজ্জামানের গ্রন্থনা ও নার্গিস সুলতানার নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠন আবৃত্তি পরিবেশন করে ‘শপথ’। রফিকুদ্দৌলা রাব্বির গ্রন্থনা ও নির্দেশনায় নওগাঁর আবৃত্তি পরিষদ পরিবেশন করে ‘শাণিত উচ্চারণ আনুক শান্তির পৃথিবী’। একক আবৃত্তিতে অংশ নেন দিনাজপুরের আবৃত্তিকানন, সাতক্ষীরার প্রতিধ্বনি সাংস্কৃতিক সংঘ, বরগুনার আবৃত্তি চর্চা কেন্দ্র, বগুড়ার কণ্ঠসাধন, জয়পুরহাট আবৃত্তি পরিষদ, বরিশালের সংলাপ ও বরিশাল নাটক, খাগড়াছড়ির উজানী আবৃত্তি সংগঠন, চট্টগ্রামের মুক্তধ্বনি আবৃত্তি সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের শিল্পীরা।