প্রেম উপাখ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যা রটে, তার কিছু হলেও তো ঘটে’—বিশ্বাস করেন অনেকে। আবার এটাও ঠিক, বিশ্বায়নের এ যুগে এসব প্রবাদ প্রায়ই অচল! শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়াকেই দেখুন না! শুরুতে অতটা পাত্তা না পেলেও দিনের পর দিন দুজনের সম্পর্ক আগুনের ফুলকির মতোই ছড়িয়ে যাচ্ছে। প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে যেখানে কিং খানের নারীঘটিত দুর্বলতার কথা নিন্দুকেরাও বলার সাহস পায়নি, সেখানে আজ দিস্তার পর দিস্তা ছাপা হচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর প্রণয়ের জবরদস্ত কাহিনি। প্রিয়াঙ্কার সর্বশেষ প্রেমিক শহীদ কাপুরও এই উত্তপ্ত আগুনে নতুন করে ঘি ঢেলেছেন টুইটারে নিজের বন্ধু তালিকা থেকে শাহরুখ-প্রিয়াঙ্কাকে একযোগে বাদ দিয়ে। পত্রিকায় এ খবর প্রকাশিত হওয়ায় শহীদ পাকা খেলোয়াড়ের মতো বিষয়টি সামলে দায় চাপিয়েছেন প্রযুক্তির ঘাড়ে; পরবর্তী সময়ে শাহরুখকে পুনরায় বন্ধু হিসেবে মেনে নিলেও প্রিয়াঙ্কাকে আর নতুন করে বরণ করে নেননি। শাহরুখও কম যান না। জনসমক্ষে শহীদকে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কার পাশে তোমাকে দারুণ মানিয়েছে! তোমরা কি ভাই-বোন?’ প্রিয়াঙ্কা হাসতে হাসতে লুটিয়ে পড়েন, তবে শহীদের হাসি তখন অস্তাচলে লুকিয়ে।শাহরুখ-প্রিয়াঙ্কার সাম্প্রতিক উপাখ্যানের আরও বেশ কিছু জমজমাট কাহিনি পড়ার আগে চলুন ফিরে যাই ১১ বছর আগে। মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চ। চূড়ান্ত তালিকায় পাঁচ প্রতিযোগী—লারা দত্ত, দিয়া মির্জা, স্বপ্না অবস্তি, নেহা পারওয়াল ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রত্যেকেরই চাওয়া, বিচারক শাহরুখ খান যেন তাঁদের প্রশ্ন করেন। ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল শুধু প্রিয়াঙ্কারই। লটারিতে প্রিয়াঙ্কা তোলেন শাহরুখের নাম। সেই রাতে মুকুটটি লারা দত্ত পরেছিলেন ঠিকই, তবে এর কিছুদিন পর প্রিয়াঙ্কাই অর্জন করেন শাহরুখের বিপরীতে প্রথম বিজ্ঞাপনচিত্রের সুযোগ। এর পর থেকে এই ১১ বছরে এহেন সাক্ষাৎকার নেই, যেখানে প্রিয়াঙ্কা তাঁর শাহরুখপ্রীতির কথা বলেননি। একটা সময় শাহরুখকে প্রতি পদে অনুসরণ করা শহীদের প্রেমের নৌকায় আশ্রয় নেন মিস চোপড়া। এর আগে অবশ্য ফারহান আখতারের ডন ছবিতে শাহরুখের নায়িকা হওয়ার প্রথম সুযোগটি পান প্রিয়াঙ্কা। সে ছবির শুরুতে সুস্মিতা সেন, পরবর্তী সময় রানী মুখার্জির নাম প্রস্তাব করেছিলেন শাহরুখ। কিন্তু ফারহানই শাহরুখকে বুঝিয়ে প্রিয়াঙ্কাকে নির্বাচন করেন। ভালো লাগার শুরুটা তখন থেকেই, যার ডালপালা বিস্তৃত হচ্ছে এখন। শাহরুখ প্রযোজিত ওম শান্তি ওম এবং বিল্লু ছবিতে অতিথি চরিত্রে নেচে-গেয়ে একটি কানাকড়িও নেননি প্রিয়াঙ্কা। এমনকি বছরের পর বছর আইপিএলে শাহরুখের নাইট রাইডার্সের হয়ে ফ্রি প্রচারণাও করে দেন মিস চোপড়া। প্রিয়াঙ্কার উদারতায় শাহরুখও অতি-উদ্যোগী হয়ে বিল্লু ছবির সংগীতপরিচালক প্রীতমকে অনুরোধ করেন গায়িকা ডমিনিককে দিয়ে প্রীতম যেন আরও কয়েক লাইন গাইয়ে নেন। তাতে প্রিয়াঙ্কার অংশগ্রহণ বাড়বে। শুধু কি তাই? এবার ডন ২ ছবিতে পরিচালক ফারহান নায়িকা পরিবর্তন করতে চাইলে শাহরুখ অনুরোধ করেন প্রিয়াঙ্কাকে নিতে। এমনকি শাহরুখদের ঘনিষ্ঠ রোশন পরিবারকেও অনুরোধ করেন কৃষ-এর নায়িকা প্রিয়াঙ্কাকে যেন কৃষ ২ থেকে বাদ দেওয়া না হয়। চেতন ভগতের উপন্যাস টু স্টেটস অবলম্বনে বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা অসিন ও বিদ্যা বালনকে চাইলেও শাহরুখ সরাসরি জানিয়েছেন, প্রিয়াঙ্কাকেই নায়িকাচরিত্রে নিতে হবে। শাহরুখের নতুন ছবি রা ওয়ান-এ কারিনা নায়িকা থাকার পরও শাহরুখ চাইছিলেন যে করেই হোক ছবিতে প্রিয়াঙ্কাকে অন্তর্ভুক্ত করতে। প্রিয়াঙ্কাও বাধ্য মেয়ের মতো নিয়ম ভেঙে জন্মদিনের পুরোটা সময় ব্যয় করেন শাহরুখের সেটে। বিনিময়ে এবারও কোনো পারিশ্রমিক নিতে রাজি হননি। তবে শাহরুখ এবার কথা শোনেননি। প্রিয়াঙ্কার সংগীতপ্রীতি দেখে ভালোবেসে একটি স্প্যানিশ গিটার উপহার দিয়েছেন। সেই গিটার ছাড়া এখন এক মুহূর্তও চলে না প্রিয়াঙ্কার। এবার দুবাইয়ে ঈদ কনসার্টে রা ওয়ান-এর সব শিল্পী উপস্থিত থাকার কথা থাকলেও কারিনা যেতে পারেননি। কিং খান অবশ্য এতে বিন্দুমাত্র বিচলিত হননি। কারিনা নেই তো কী হয়েছে, প্রিয়াঙ্কা তো আছেন। ইদানীং অন্য কোনো নায়িকাকে নিয়ে শাহরুখ এতটা আদিখ্যেতা করেননি। এমনকি স্ত্রীর আপত্তি সত্ত্বেও এবারের ঈদ পার্টিতে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। গৌরী খান প্রিয়াঙ্কার সঙ্গে সামান্য ভাববিনিময়ও করেননি। শোনা গেছে অর্জুন রামপাল-পত্নী মেহের জেসিকার ক্ষোভের কথাও। মেহের শাহরুখকে জানান, পার্টির কেউই প্রিয়াঙ্কাকে পছন্দ করছেন না। সুতরাং শাহরুখের উচিত হয়নি এতটা বিরক্তিকর একজনকে নিমন্ত্রণ জানানো। ক্ষুব্ধ শাহরুখ মেহেরকে জানান, কাকে তিনি তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে অন্য অতিথির নাক না গলানোই ভালো। সম্প্রতি স্টারের রিয়েলিটি শো জাস্ট ড্যান্স-এর গ্র্যান্ড ফিনালেতেও ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া যায় শাহরুখ-প্রিয়াঙ্কাকে; বেরসিক (!) পাপারাজ্জিরা সে ছবিও ক্যামেরাবন্দী করেন। প্রিয়াঙ্কাকে নিয়ে গৌরী খানের সংসারে দাউদাউ করে আগুন জ্বলছে—এ রকম খবরে এখন পত্রপত্রিকা সয়লাব। শাহরুখ নাকি স্ত্রীর প্রশ্নবাণ থেকে মুক্তি পেতে দেশ-বিদেশে ব্যস্ত থাকার চেষ্টা করছেন। এসব মসলাদার খবর উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ, গৌরী খানও শহীদ কাপুরের পথ ধরে টুইটার-ফেসবুক থেকে প্রিয়াঙ্কাকে বাদ দিয়েছেন। শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর তাঁর আগামী ছবিতে রণবীর কাপুরের বিপরীতে প্রিয়াঙ্কাকে নেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন; তবে করণও প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে সই করিয়েছেন।অনেকে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দেন এভাবে—এত বিশাল সুপারস্টারের সঙ্গে কখনো কোনো নায়িকার প্রেমের কথা শোনা যায়নি। প্রিয়াঙ্কাও স্বাভাবিকভাবে এ গুজব বেশ উপভোগ করছেন। আর শাহরুখ কোনো প্রতিবাদ করছেন না। কারণ, ডিসেম্বরে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর ডন ২ মুক্তি পাবে। শাহরুখের ছবির সাফল্যের জন্য তাঁর নামই যথেষ্ট ঠিক, তবে আমিরের থ্রি ইডিয়টস-এর ৩১৫ কোটি রুপির রেকর্ড কিংবা সালমানের বডিগার্ড-এর ১৫২ কোটি যে ভাঙতে হবে। সুতরাং শাহরুখও নীরবে এসব প্রচারণা উপভোগ করছেন। হয়তো ডন ২ ব্লকবাস্টার হিট হওয়ার পর জোরগলায় অনুরোধ করবেন, ‘গুজবে কান দেবেন না!’ রুম্মান রশীদ খান[সুপারগুড মুভিজ, বলিউড লাইফ, আপুন কা চয়েস, টাইমস অব ইন্ডিয়া, সেলেবদেন, বলিউড মান্ত্রা, ইউটিউব, ডিএনএ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া অবলম্বনে]