প্রেম এবার হাইওয়েতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইওয়ে ছবিতে আলিয়া ভাট
হাইওয়ে ছবিতে আলিয়া ভাট

মুম্বাই ছবির জগতে আলিয়া ভাটের কে নেই বলুন! পুরো ভাট বংশই ছড়িয়ে-ছিটিয়ে জড়িয়ে আছে বলিউড-দুনিয়ায়। দাদা নানাভাই ভাট ছিলেন হিন্দি ও গুজরাটি ছবির একসময়ের নামকরা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। বাবা মহেশ ভাটও একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। আর মা সোনি রাজদান, চাচা মুকেশ ভাট, বোন পূজা ভাট, ভাই রাহুল ভাট, চাচাতো ভাই বিভেশ ভাট, ইমরান হাশমী, মোহিত সুরীসহ নিজ পরিচয়ে প্রতিষ্ঠিত ভাট ক্যাম্পের বাকিদের খবর জানতে চাইলে আপনাকে উইকিপিডিয়াতেই ঢুকতে হবে। তবে গায়ে ভাট ক্যাম্পের তকমা থাকলেও আলিয়া ভাটকে মানুষ কিন্তু চেনে আরেক নামে। ঠিকই ধরেছেন, স্টুডেন্ট অব দ্য ইয়ার।

হ্যাঁ, ২০১২ সালের সেরা ছাত্রীই ছিলেন আলিয়া ভাট। তবে সেটা বলিউড নামক স্কুলের অভিষেক শ্রেণীতে। মাত্র উনিশে পড়া আলিয়া তখন বলিউডে নিজের ফিতে কাটা প্রজেক্টেই ভর্তি হয়েছিলেন। সঙ্গে নেই বাপ-দাদা, মামা-চাচা কেউই। তবে প্রশিক্ষক যখন করণ জোহর তখন সেরা ছাত্রী হওয়ার সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, সেটা ঠিকই জানতেন মহেশ ভাটের এই কন্যা। করণের হাত ধরেই বলিউডে প্রথম ছবিতেই বাজিমাত করলেন আলিয়া। টিনএজ প্রেমের ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ একঝাঁক নতুন তারকার মধ্যে নিজেকে একটু আলাদা করেই প্রমাণ করলেন তিনি। সুপারহিট হলো ছবিটি। টাইমস অব ইন্ডিয়ার জরিপে নবাগত অভিনেত্রীদের মধ্যে সেরা সম্ভাবনাময়ী নায়িকাদের তালিকায় প্রথম স্থানটিও করে নিলেন আলিয়া ভাট। সেই থেকেই জেন-এক্সের টিন আইকন আলিয়া। তবে উনিশ-কুড়ি পেরিয়ে সামনের মাসেই একুশে পড়বেন বিটাউনের এই মিষ্টি মেয়ে। টিনএজ প্রেমকে আরও পরিণত করার সময় যে এসেছে। তাই আলিয়ার প্রেম এবার হাইওয়েতে। গত শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হাইওয়ে।

হাইওয়ে
হাইওয়ে

ইমতিয়াজ আলির ছবি মানেই ঘর পালানো ছেলেমেয়ের প্রেমকাহিনি। তার সঙ্গে থাকতেই হবে প্রেম আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। জাব উই মেট ছবিতে হিমালয়ঘেরা সিমলা কিংবা রকস্টার-এ বরফে মোড়া কাশ্মীর, বারবার প্রকৃতির মধ্যেই প্রেমকে খুঁজেছেন ইমতিয়াজ আলি। নতুন ছবিতে আরও একবার সেই খোঁজেই বের হলেন। তবে এবার জায়গাটা সোজা হাইওয়ে। ভারতের ছয়টি ভিন্ন প্রদেশের হাইওয়ে ধরে ছুটে চলা রোড ট্রিপের মধ্য দিয়েই এবারের ছবির গল্প। পথে পথে একসঙ্গে ঘুরে বেড়াতে বেড়াতে প্রেমের নতুন সংজ্ঞা, নতুন অর্থ খুঁজে পাওয়া। এরই পরতে পরতে রয়েছে থ্রিল, রয়েছে সাসপেন্স, হালকা খুনসুটি আর শুদ্ধ দেশি রোমান্স। স্থান, কাল, পাত্রের সূক্ষ্ম মোচড়ে অন্যান্য বলিউড ছবি থেকে এখানেই আলাদা ইমতিয়াজের ছবি। হরিয়ানার প্রত্যন্ত গ্রামাঞ্চল, রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে কাশ্মীরের আরু ভ্যালি এলাকায় শুট করা হয়েছে এবারের ছবি। ঘরানায় ফেলতে হলে ছবিটি একেবারেই রোড মুভি। তবে কোনো লিখিত চিত্রনাট্য কিংবা গোছানো স্ক্রিপ্ট ছিল না এ ছবিকে ঘিরে। ছবির গল্প নাকি ১৫ বছর ধরেই ঘুরছে পরিচালক-কাহিনিকার ইমতিয়াজ আলির মাথায়। একে তো ইমতিয়াজের এক্সপেরিমেন্টাল ছবি, তার ওপর ছবিতে একেবারেই ধাঁচ পালটে হাজির হয়েছেন আলিয়া ভাট। প্রথম ছবিতে গ্ল্যামারাস ভাবে দেখা দিলেও এই ছবিতে মেকআপ ছাড়াই দেখা যাবে আলিয়া ভাটকে। সঙ্গে রয়েছেন রাফ অ্যান্ড টাফ রনদ্বীপ হুদা। রনদ্বীপ-আলিয়া জুটির প্রথম ছবি আর সোলো হিরো হিসেবে রনদ্বীপ-এর দ্বিতীয় ছবি। তবে ছবিতে কেবল অভিনয় নয়, গায়িকা হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া। ছবিতে এ আর রহমানের সুরে আলিয়া ভাট একটি গানেও কণ্ঠ দিয়েছেন। এপ্রিলেই আসছে আলিয়া অভিনীত বহুল আলোচিত ছবি টু স্টেটস। এ বছরই মুক্তি পাবে আলিয়ার আরও একটি ছবি হাম্পটি শর্মা কি দুলহানিয়া। কী বুঝলেন? আলিয়ার ক্যারিয়ারের গাড়িটাও কিন্তু হাইওয়েতেই চলছে।সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া টাইমস, উইকিপিডিয়া অবলম্বনে