প্রেম ও দ্রোহের জয়, জীবনের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র: নেকাব্বরের মহাপ্রয়াণ
চলচ্চিত্র: নেকাব্বরের মহাপ্রয়াণ

বাংলা চলচ্চিত্র জগতের এক নতুন যোদ্ধা মাসুদ পথিক। আমাদের প্রত্যাশা নয়, তাঁর কাজেই তিনি প্রমাণ করলেন নেকাব্বরের মহাপ্রয়াণ নামক চলচ্চিত্র দিয়ে।
কবিতাকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণ আমরা আগেও দেখেছি। এখানে বিষয়বস্তুই মুখ্য। কবিতার পরিস্ফুটনের চাইতে চলচ্চিত্রে বিষয়বস্তু বা আখ্যান-তথ্য কত সহজভাবে, কত পূর্ণাঙ্গতায়, কত মোহনীয়রূপে ফুটিয়ে তোলা হয়, সাধারণত তা-ই বিবেচ্য। তা ছাড়া চলচ্চিত্র একটি সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। অন্য কোনো মাধ্যম থেকে ভাবনাচিন্তা, কাহিনি যদি নিতে হয়, চারিত্র্য-চিত্রণের স্বার্থে তাকে চলচ্চিত্রায়িত করে নিতে হয়। সরাসরি তা এখানে তুলে ধরা যায় না। এ যাবৎকালের যে সিনেমাগুলোকে আমরা সার্থক সিনেমা বলি, সেগুলোর দিকে তাকালে আমরা এরকম প্রতিফলন দেখতে পাই।
নেকাব্বরের মহাপ্রয়াণ—মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক ছবিটিতে গ্রামীণ এক সহজ-সরল পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চিত হওয়ার কাহিনি চিত্রায়িত হয়েছে। বর্গাচাষি নেকাব্বর জড়িয়ে পড়ে ষাটের দশকের কৃষক আন্দোলনে। স্থানীয় জোতদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে জোতদারের লোক তার শেষ সম্বল গরুটিকে মেরে ফেললে জোতদারের বাড়িতে প্রতিকার চাইতে যায়। সংঘর্ষ বাধে। আর এরই জের ধরে গ্রামে পুলিশ আসে। পালিয়ে তরুণ কবি নির্মলেন্দু গুণের সঙ্গে ঢাকা শহরে চলে যায় নেকাব্বর। সেখানে বিপ্লবী চিন্তা-চেতনার কবিদের সঙ্গে পরিচিত হয়। তারপর আবার ফিরে যায় গ্রামে। এদিকে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। যুদ্ধে যোগ দেয় নেকাব্বর।
স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে নেকাব্বর গ্রামীণ যুবক। সামান্য একটু ভিটে আছে বটে, তবে ভূমিহীন, পিতা-মাতাহীন। ভূমির মালিক জোতদার। নেকাব্বরসহ অন্য ভূমিহীনেরা জোতদারের ভূমিতে বর্গা চাষ করে। তিন ভাগের দুই ভাগ পায় জোতদার। নেকাব্বর ভালোবাসে ফাতুকে (ফাতেমা)। নেকাব্বর ভালোবাসে প্রকৃতিকে। নেকাব্বর প্রকৃতির আরেক সন্তান। তারুণ্যে নেকাব্বর যেমন প্রেমিক, তেমনি প্রতিবাদীও। অন্যায়কে সে মেনে নিতে পারে না। গ্রামের ভূমির মালিক মহাজন-জোতদারের অন্যায়ে সে মাথা নত করে না। ফলস্বরূপ, তাকে গ্রামছাড়া হতে হয়।
এরই মধ্যে আসে মুক্তিযুদ্ধ। যুদ্ধ যেন তাঁর সবকিছু বিলীন করে দিয়ে যায়। যুদ্ধ নেকাব্বরের একটি পা ও তার স্বাভাবিক জীবন কেড়ে নেয়। ফাতেমার সঙ্গেও আর তার দেখা হয় না। যুদ্ধের পর যুদ্ধের আগের জীবন যেন হারিয়ে যায় নেকাব্বরের। প্রায় চার দশক পর, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি-স্মারকের পাশে কবি নির্মলেন্দু গুণের সঙ্গে দেখা হয় এক পঙ্গু ভিখারির। সেই ভিখারিই হচ্ছে সেদিনের প্রতিবাদী প্রেমিক যুবক নেকাব্বর, মুক্তিযোদ্ধা নেকাব্বর।

চলচ্চিত্র: নেকাব্বরের মহাপ্রয়াণ
চলচ্চিত্র: নেকাব্বরের মহাপ্রয়াণ

কবি নির্মলেন্দু গুণ তাঁর কবিতায় চিত্রিত চরিত্র নেকাব্বরকে তার হারানো জীবন ফিরিয়ে দিতে পারেননি। নেকাব্বর ফিরে যায় গ্রামে। যেখানে একদিন তার ভিটা ছিল। উঠানে মায়ের কবর ছিল। কবরের ওপরের মাটিতে জন্মানো লেবুগাছটিও ছিল। দুরন্ত শৈশব ছিল। সবুজ মাঠ ছিল। ফাতেমা ছিল। স্বপ্ন ছিল। প্রেম ছিল। জীবনের হাতছানি ছিল। এখন কিছুই নেই। নিজের জীবনই নেকাব্বরের কাছে হয়ে ওঠে পাগলের জীবন, অপাঙ্ক্তেয়, অনাহারী জীবন। বড় অসহায় লাগে তার এই জীবন। একদিন নেকাব্বর মরে পড়ে থাকে গ্রামের পাশের রেলস্টেশনে। তাকে দেখে উৎসুক জনতা জড়ো হয়। কবি নির্মলেন্দু গুণও নেকাব্বরের মৃতদেহ দেখে শোকার্ত হয়ে ওঠেন। তিনি রেললাইনের প্ল্যাটফর্মে বসে স্মৃতি হাতড়ে খোঁজেন এবং তাঁর চোখ ফেটে বেরিয়ে আসে অশ্রুধারা। নির্মলেন্দু গুণের চোখের অশ্রুধারাই নেকাব্বর নামক পরাজিত-লাঞ্ছিত মুক্তিযোদ্ধার নির্মম জীবনগাথা। কী পেয়েছে নেকাব্বর, জীবনের কাছে? মুক্তিযোদ্ধা হয়েও নেকাব্বর কী পেয়েছে তার স্বাধীন দেশের কাছে?
মাসুদ পথিক কেনইবা এই মুক্তিমুখীন মানুষের জীবন নিয়ে ছবি বানালেন? কী উদ্দেশ্য তাঁর? আর নির্মলেন্দু গুণও কেন লেখেন এই নেকাব্বরজীবন? তবে কি ধরে নেওয়া যায় যে নির্মলেন্দু গুণ ও পরিচালক মাসুদ পথিকের লক্ষ্য এক; তাঁদের স্বপ্ন, এই সব মানুষ যেন কখনোই স্বপ্ন দেখতে গিয়ে হোঁচট না খায় কিংবা নিজের স্বপ্নময় জীবনের পথ থেকে বিচ্যুত না হয়। স্বাধীন মানেই তো স্বপ্ন, স্বপ্ন কেবলই স্বপ্ন। মাসুদ পথিকও দর্শকদের দর্শন ও স্বপ্নের পথের সন্ধান দেন সিনেমার মধ্য দিয়ে।
সরকার কখনো একটি ছবি নির্মাণের পুরো অর্থ দেয় না। অনেক জোগাড়যন্তর করে নির্মাণকাজ শেষ করতে হয়। আমার জানামতে, মাসুদ পথিকের ক্ষেত্রে হয়েছেও তা-ই। অনেক কষ্ট করে ছবিটি নির্মাণ করেছেন। প্রথম ছবি হিসেবে আমরা যদি কোনো ত্রুটি দেখি, তা সরল বাস্তবতার নিরিখেই, ত্রুটি বলব না। ছবির পারিপার্শ্বিকতা বলতে গেলে ছবির দৃশ্যায়নে তারুণ্যকে কাজে লাগিয়ে অদ্ভুত সুন্দর সব দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছেন। আমি মনে করি, বিশ্বজয়ী নির্মাতার শক্তি রয়েছে তাঁর ভেতরে। কেননা, পথিক নেকাব্বরের মহাপ্রয়াণ মুক্তিমুখীন মানুষের গল্পে শেকড়ের কথকতায় ভিন্ন এক টেক্সই রচনা করে ফেলেছেন।