প্রেম ও সংগ্রামের গল্পে মুগ্ধ করলেন শাবানা-জাবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাইফি অউর ম্যায়’ পরিবেশনায় শাবানা আজমি ও জাভেদ আখতার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: আশরাফুল আলম
‘কাইফি অউর ম্যায়’ পরিবেশনায় শাবানা আজমি ও জাভেদ আখতার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: আশরাফুল আলম

স্পট লাইট কখনো শাবানা আজমির ওপর, আবার কখনো জাবেদ আখতারের ওপর। মঞ্চের বামে চেয়ারে বসে যখন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি তাঁর মা শওকত কাইফির প্রেমের গল্প পড়ছিলেন, সামনে বসা দর্শকেরা বারবার উল্লসিত হচ্ছিলেন। শাবানার স্বামী প্রখ্যাত গীতিকবি জাবেদ আখতারও শ্বশুর কাইফি আজমির প্রেমের গল্প বলে মাতিয়ে চলছেন দর্শকদের। পাশাপাশি জীবনসংগ্রামের গল্পও শুনিয়েছেন তিনি।

শাবানা আজমি ও তাঁর স্বামীর এমন পরিবেশনা আজ বুধবার স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন ঢাকার মাত্র কয়েক শ দর্শক। ব্লুজ কমিউনিকেশনসের আয়োজনে তাঁরা দুজন ‘কাইফি অউর ম্যায়’ আয়োজনে অংশ নিতে আজ দুপুরে ঢাকায় আসেন। সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হওয়া পরিবেশনা দিয়ে উপস্থিত সবাইকে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখেন।

শাবানা আজমি ও জাবেদ আখতারের গল্প বলার ফাঁকে ছিল বিখ্যাত গজলশিল্পী জসবিন্দর সিংয়ের পরিবেশনা। তিনি গেয়েছেন কাইফি আজমির গজল ও বলিউডের জন্য তাঁর লেখা বেশ কিছু গান।

অনুষ্ঠান শুরুর আগেই আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘রুচিশীল বিনোদনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের ব্যতিক্রম কিছু উপহার দেওয়াই থাকে আমাদের সব সময়ের প্রচেষ্টা। আমার বিশ্বাস, এসব আয়োজন মানুষের রুচি গঠনেও অবদান রাখবে।’

আয়োজকদের এমন কথার সঙ্গে দ্বিমত করার কোনো জো নেই আগত দর্শকদের। নাট্যজন সারা যাকের একমত পোষণ করে বলেন, ‘পরিবেশনার মধ্যে জাদু আছে। শাবানা আজমি তো দারুণ।’

শাবানা আজমি ও জাবেদ আখতারের পরিবেশনা সামনাসামনি বসে উপভোগ করতে আজ হাজির হয়েছিলেন বিশিষ্টজনের অনেকেই। তাঁরা কেউই উর্দু সাহিত্যের স্বনামধন্য কবি কাইফি আজমির ভালোবাসা ও জীবনসংগ্রামর গল্প এত কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

কাইফি আজমির প্রেমের গল্পে যাঁরা আনন্দিত হয়েছেন, তাঁরাই আবার সংগ্রামের গল্পে কখনো কখনো ‘আহা’ বলে উঠেছেন। টানা দেড় ঘণ্টার পরিবেশনায় উঠে এসেছে কাইফির বেড়ে ওঠা, শওকতের সঙ্গে বিয়ে, মুম্বাইয়ে তাঁদের দিনগুলো, শ্রমিকদের সঙ্গে কাজ এবং কাইফির অসুস্থতার দিনগুলোর কথা।