প্রেম করছেন কেটি হোমস-আলেকজান্ডার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেকজান্ডার (বাঁয়ে) ও কেটি
আলেকজান্ডার (বাঁয়ে) ও কেটি

কেটি হোমস অভিনীত সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘দ্য গিভার’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট। ছবিটির সহ-অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ডের সঙ্গে কেটির প্রেমের জোর গুঞ্জন উঠেছে হলিউডে। সম্প্রতি নতুন এ জুটির সখ্য ও অভিসারের খবর জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কেটি ও আলেকজান্ডারের বয়সের ব্যবধান দুই বছর। কেটির বয়স ৩৫, আর আলেকজান্ডারের ৩৭। তাঁরা দুজনই একা। গত বছর ‘দ্য গিভার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে। ছবির সেটে প্রায়ই খুনসুটিতে মেতে উঠতেন তাঁরা। বিষয়টি গোপন করার চেষ্টা করলেও, ছবির সেটের কারোরই নজর এড়াতে পারেননি কেটি ও আলেকডান্ডার। 
শুধু তাই নয়, ‘দ্য গিভার’ ছবির শুটিংয়ের কাজ শেষ হওয়ার পরও একে অন্যের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখেন কেটি ও সুইডিশ অভিনেতা আলেকডান্ডার। সম্প্রতি বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। তাঁদের দেখে মনে হয়েছে, একে অন্যের সঙ্গ দারুণ উপভোগ করছেন তাঁরা। ‘দ্য গিভার’ ছবির প্রচারণার কাজে সামনে আরও ঘন ঘন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, সাইন্টোলজি ধর্মের অনুসারী টম ক্রুজের প্রেমিকা নির্বাচনের দায়িত্ব নিয়েছিল চার্চ অব সাইন্টোলজি। আর এক্ষেত্রে পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন সাইন্টোলজি ধর্মে বিশ্বাস করেন এমন কয়েকজন অভিনেত্রী। এরকম বেশ কয়েকজন অভিনেত্রীর সাক্ষাত্কার নেওয়া হয়। শেষ পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হন হলিউডের অভিনেত্রী কেটি হোমস। ২০০৫ সালের এপ্রিলে ক্রুজের জীবনে আসেন কেটি। এক বছর বাদে ২০০৬ সালের এপ্রিলে কন্যা সুরির জন্ম দেন কেটি। এর ছয় মাস পর ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেটিকে বিয়ে করেন ক্রুজ।
স্বামী-সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন কেটি। কিন্তু ২০১২ সালে বিচ্ছেদের আবেদন করে সবাইকে চমকে দেন তিনি। ক্রুজের ৫০তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে তিনি ওই কাণ্ড ঘটান। যে সাইন্টোলজির কারণে ক্রুজকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন, সেই সাইন্টোলজির দোহাই দিয়েই ক্রুজের কাছ থেকে দূরে সরে যান কেটি। বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে তিনি সাইন্টোলজিকেই দায়ী করেন। একমাত্র মেয়ে সুরি যাতে কোনোভাবেই সাইন্টোলজি ধর্মে দীক্ষিত হতে না পারে মূলত সেজন্যই ক্রুজের সঙ্গে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেন কেটি।  

বিখ্যাত কল্প বিজ্ঞান গল্পের লেখক এল. রন হাবার্ডের কিছু আদর্শ মাথায় রেখে ১৯৫২ সালে প্রথম সাইন্টোলজি ধর্মের উদ্ভব হয়। তার পরের বছর প্রতিষ্ঠিত হয় চার্চ অব সাইন্টোলজি। মূলত হাবার্ডের ‘ডাইনেটিকস’ বইয়ের চিন্তা-ভাবনার ওপর ভিত্তি করে জন্ম নেয় নতুন এ ধর্ম। ডাইনেটিকস হলো, শরীরের সঙ্গে মন বা আত্মার একটি সম্পর্ক। ডাইনেটিকসের উদ্দেশ্য হলো মানুষের মন বা আত্মার কিছু চিন্তা-ভাবনাকে নিয়ন্ত্রণ করা যা দিয়ে মানুষ কষ্ট পায়। কোনোভাবে এটা থেকে মুক্তি যদি মিলে যায়, তাহলে মানুষের জীবন হয়ে ওঠে অনেক সুন্দর। সাইন্টোলজি ধর্মের অনুসারীরা এই আদর্শটাই মেনে চলেন জীবনে। তাঁদের মতে, এই ধর্ম হলো সত্যকে খোঁজার ধর্ম। পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি এবং হলিউডের তারকা এই ধর্ম মেনে চলেন। এই দলে টম ক্রুজ, জন ট্রাভোল্টা, জ্যাসন লীর মতো তারকা থেকে শুরু করে জেমস প্যাকারের মতো ধনাঢ্য ব্যক্তিও আছেন।