প্রেম করছেন লুপিটা-ফ্যাসবেন্ডার!

‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার ঝুলিতে ভরেছেন কেনিয়ান বংশোদ্ভূত মেক্সিকান অভিনেত্রী লুপিটা নিওঙ্গ। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আইরিশ-জার্মান অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার। সম্প্রতি এক খবরে এই জুটির প্রেমের কথা জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন লুপিটা ও ফ্যাসবেন্ডার। ছবিটিতে শুটিংয়ের পাশাপাশি প্রচারণার কাজেও প্রচুর সময় একসঙ্গে কাটাতে হয়েছে তাঁদের। এভাবে এই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। গত বছরের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উত্সবের সময়টাতে তাঁরা অভিসারে মেতে উঠেছিলেন।
সূত্রটি আরও জানিয়েছে, পরবর্তী সময়ে এই জুটির মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও সম্প্রতি আবারও ৩১ বছর বয়সী লুপিটার কাছাকাছি আসতে চাইছেন ফ্যাসবেন্ডার। লুপিটার সঙ্গে প্রেমের সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য তিনি খুবই আগ্রহী। এমনকি এবারের ৮৬তম অস্কার আসরে লুপিটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিজের মাকেও নিয়ে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেতা।
লুপিটার আগে স্কটিশ অভিনেতা জেরার্ড বাটলারের সাবেক প্রেমিকা রোমানিয়ান মডেল ও অভিনেত্রী মাদালিনা গেনার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন মাইকেল ফ্যাসবেন্ডার।