প্রেম করছেন সালমান!
পর্দায় নয়, বাস্তব জীবনেই চুটিয়ে প্রেম করছেন বলে সম্প্রতি স্বীকারোক্তি দিয়েছেন ‘বিগহার্ট লাভারবয়’খ্যাত বলিউডের অভিনেতা সালমান খান।এ প্রসঙ্গে ভারতের প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেন, ‘পর্দায় কিংবা বাস্তবে প্রেম করতে কখনোই অস্বস্তি বোধ করিনি আমি। এ মুহূর্তে আমি চুটিয়ে প্রেম করছি। তবে সেটা পর্দায় নয়, বাস্তবেই।’ অবশ্য কার সঙ্গে প্রেম করছেন, সে বিষয়ে মুখ খোলেননি ৪৬ বছর বয়সী এই ‘দাবাং’ তারকা। সম্প্রতি এক খবরে এমন চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। এ ছাড়া দিন কয়েক আগে সালমান জানিয়েছিলেন, চিরকাল একাকী থাকবেন না। তিনি বিয়ের প্রথায় বিশ্বাসী এবং যেকোনো দিন তাঁর বিয়ের শানাই বাজতে পারে। সালমানের বিয়ে এবং প্রেমবিষয়ক বাণী প্রকাশিত হওয়ার পর তাঁর অগণিত ভক্ত আশায় বুক বেঁধেছেন, শিগগির হয়তো বিয়ে করে থিতু হতে যাচ্ছেন তাঁদের প্রিয় তারকা।এদিকে বলিউডপাড়ায় জোর গুঞ্জন উঠেছে, ‘এক থা টাইগার’ ছবির শুটিং করার সময় আবারও একে অপরের কাছাকাছি এসেছেন সালমান ও তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। অবশ্য বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্যাটরিনার কাছের বন্ধুরা। তাঁরা জানিয়েছেন, ক্যাটরিনা বলিউডের কাউকে বিয়ে করবেন না। মা-বাবার পছন্দের ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।