প্রেম থাকলে বাকিটা আপনাতেই হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাশার জারিফ । ছবি: শেখ মেহেদী মোরশেদ
সাশার জারিফ । ছবি: শেখ মেহেদী মোরশেদ

‘তাহলে চলুন, শুরু করা যাক। মনে রাখবেন, আপনারা কিন্তু উপভোগ করছেন না, বরং আমার সঙ্গে অংশ নিচ্ছেন’, বললেন কানাডীয় নৃত্যশিল্পী জারিফ। প্রস্তুত ছিল আরিফ বাউলের দল। তারা বাজাবে, সেই সুর শরীরে ধরে নাচ করবেন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির শিক্ষক সাশার জারিফ। বিশ্বের বিভিন্ন দেশে সংস্কৃতি, নৃত্য ও সুফিবাদ নিয়ে বক্তৃতা করেন তিনি। যে রাতে ‘দিলনাওয়াজ’ গল্পটি তাঁর পড়া শেষ হলো, হন্তদন্ত হয়ে ফোন করেছিলেন বাংলাদেশের নৃত্যশিল্পী লুবনা মারিয়ামকে। তারপর তিনি ঢাকায়।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর যাত্রাবিরতিতে ছিল জারিফের বক্তৃতা ও পরিবেশনা। সুফিবাদ নিয়ে নিজের উপলব্ধি ও নাচ করার ঘটনা তিনি বর্ণনা করেন একটি প্রামাণ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে। ‘আকাশ থেকে পড়া’ তিনটি আপেল নিয়ে সেই কাহিনি। একটি আপেল ‘আমার’, একটি ‘তোমার’ ও অন্যটি...। বক্তৃতায় প্রেমের সাতটি স্তরের বর্ণনা দিয়ে জারিফ বলেন, ‘প্রেমের স্তরগুলো হলো—আকর্ষণ, মায়া, প্রেম, বিশ্বাস, আরাধনা, তীব্র আকাঙ্ক্ষা এবং সব শেষে বিলীন হয়ে যাওয়া। এগুলো চক্রাকারে ঘুরতে থাকে। প্রত্যেক মানুষ এই স্তরগুলো অতিক্রম করে। তারপর শুরু হয় নতুন প্রেম।’ তার মানে এ স্তরগুলোর একটি বাদ দিয়ে অপরটিতে পৌঁছাতে চাইলে হোঁচট খেতে হবে। বেশির ভাগ মানুষ প্রেমের এই চক্র থেকে ছিটকে পড়ে ঠিক এই কারণেই?

যাত্রাবিরতিতে নৃত্য পরিবেশন করছেন কানাডীয় শিল্পী সাশার জারিফ । ছবি: শেখ মেহেদী মোরশেদ
যাত্রাবিরতিতে নৃত্য পরিবেশন করছেন কানাডীয় শিল্পী সাশার জারিফ । ছবি: শেখ মেহেদী মোরশেদ

জারিফ শিক্ষকের মতোই রঙিন কলম দিয়ে সাদা কাগজে লিখে লিখে দেখান, সংগীত ও কবিতায় যে আবেগ থাকে, তা কীভাবে পূর্ণতা পায় নৃত্যে। প্রেম অনুভব করলেই কেবল সেগুলো অভিনয় করে দেখানো যায় সার্থকভাবে। আরিফ বাউল ও তাঁর দলের দোতারা, ঢোল, মন্দিরা ও বাঁশিতে বাজানো বাউল সুরের সঙ্গে দীর্ঘ সময় নাচ করে তিনি দেখান—সুর কীভাবে একজন নৃত্যশিল্পীর ভেতরে প্রবেশ করে বহিরাঙ্গে ফুটে ওঠে। ১০ দিন ধরে সাধনার শিল্পীদের তিনি শেখান, নাচতে হবে না। প্রেম অনুভব করো। প্রেম থাকলে, বাকিটা আপনাতেই হয়ে যাবে।
জারিফের জন্ম ইরানে। কানাডায় প্রকৌশল বিদ্যায় পড়েছেন তিনি। তাঁর নানি নাচ করতেন, মূলত তিনিই জারিফের অনুপ্রেরণা। পেশায় প্রকৌশলী না হয়ে তিনি শুরু করেন সংস্কৃতি নিয়ে পড়াশোনা, এরপর তাতে ডুবে যান। শামস্‌ তাবরেজি ও জালালুদ্দিন রুমীকে পাঠ, আজারবাইজানের অধিবাসী নানির নাচের স্মৃতি, ইরানের সংস্কৃতি, শরণার্থীশিবিরে বেড়ে ওঠা, সবকিছুর সমন্বয়ে সাশার জারিফ বদলে যান। সুফিবাদ প্রভাব ফেলে তাঁর চর্চায়। মানুষ কীভাবে তাঁর অন্তর্গত প্রেমের সন্ধান পায়? সেদিন বিকেলে যাত্রার ছাদঘরের আড্ডায় এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি সুফিজমের চর্চা করি না। আমি কেবলই এর দ্বারা প্রভাবিত।’

সংগীত ও বাদ্য বাজিয়েছেন আরিফ বাউল ও তাঁর দল। ছবি: শেখ মেহেদী মোরশেদ
সংগীত ও বাদ্য বাজিয়েছেন আরিফ বাউল ও তাঁর দল। ছবি: শেখ মেহেদী মোরশেদ

তখনকার পূর্ব পাকিস্তানের উর্দু ভাষার লেখিকা রাহাত আরা বেগমের অধ্যাত্মপ্রেমের গল্প ‘দিলনাওয়াজ’ পড়ে চমকে উঠেছিলেন জারিফ। এই গল্পকার শিল্পী লুবনা মারিয়ামের নানি। গল্পটির ওপরে একটি নৃত্যপ্রযোজনা করতে সাধনার শিল্পীদের সহযোগিতা করবেন সাশার। শুরুর কাজটি হবে গল্পটির সঙ্গে নৃত্যশিল্পীদের একাত্ম করা। সে জন্যই এবার ঢাকায় এসেছিলেন তিনি। প্রথমবার বাংলাদেশে এসে এই নৃত্যশিল্পী হতবাক। বাংলার লোকবাদ্যযন্ত্রের সঙ্গে নাচ পরিবেশনের পর তিনি মন্তব্য করেছেন, ‘এত দিন যে তৃষ্ণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেই তৃষ্ণার জল তো ছিল এখানেই!’ যাত্রাবিরতির আড্ডার ঘরটি তখন ভরে গিয়েছিল সংগীত ও প্রেমে তৃষ্ণার্ত মানুষে। ওই সন্ধ্যায় তাঁরা কিছু উপভোগ করেননি, মূলত অংশ নিয়েছিলেন।