বলিউড তারকাদের বন্ধুত্ব আকাশের বিজলি চমকের মতো। তাঁদের বন্ধুত্বের গুঞ্জনে ভরে যায় বলিউডপাড়া। সে বন্ধুত্ব কখনো কখনো গড়ায় প্রেমে। আবার হঠাৎই যেন তা ভেঙে চুরমার। তবু জীবন চলে। বন্ধু আবার দাঁড়ান বন্ধুর পাশে। চলেন একসঙ্গে। এমনই বলিউডের কয়েক জোড়া বন্ধুতা নিয়ে এবারের আয়োজন।

শিল্পা শেঠি ও অক্ষয় কুমার
মে খিলাড়ি তু আনাড়ি ছবিতে দুজনের রসায়নে মাতোয়ারা বলিউডপাড়া। সে রসায়ন সত্যি হলো নিজেদের জীবনেও। কিন্তু শেষ পর্যন্ত ঘর বাঁধা হয়নি। এ নিয়ে শিল্পার অভিযোগ ছিল অক্ষয়ের প্রতি। শিল্পাকে নাকি ব্যবহার করেছিলেন তিনি। তাই নতুন একজনকে পেয়েই সেখানে ঝুলে পড়েছেন অক্ষয়। এমন মন-কষাকষি দুজনের মধ্যে ছিল বহু বছর। সময় গড়ালে শিল্পা বিয়ে করেন ব্যবসায়ী রাজ কুন্দ্রকে। অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। দুজনেরই ছেলেপুলে হয়েছে। ভুলে গেছেন মান-অভিমান। শিল্পার মুখে যেন সে কথাই, ‘এখন অক্ষয়ের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। এটাই আমরা বজায় রাখতে চাই। আমাদের মধ্যে আর কোনো শত্রুতা নেই।’

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর
‘আমরা দীর্ঘ সময় ধরেই বন্ধু থাকব। আমি ওর সন্তানদের সঙ্গে খেলব, মজা করব। আমাদের সম্পর্কটা এমনই।’ রণবীরের এ কথা বলে দেয় দুজনের জীবনে সম্পর্কের টানাপোড়েন, ঝড়ঝাপটা যা-ই যাক না কেন, বন্ধুত্বটা কিন্তু এখনো শক্ত আছে।

কারিনা কাপুর ও শহিদ কাপুর
বন্ধুত্ব গড়িয়েছিল প্রেমে। টিকেছিল পাঁচ বছর। তারপর প্রায় সাত বছর কারও ছায়া কেউ মাড়াননি। এরপর কারিনা কাপুর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদ কাপুরকে ‘হ্যালো শহিদ’ বলে ডাকলে, মান ভেঙে যায় দুজনের। তারপর থেকে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। এই তো উড়তা পাঞ্জাব ছবিতে দুজন একসঙ্গে অভিনয় করলেন। যদিও একই দৃশ্যে দুজনকে দেখা যায়নি। অবশ্য কারিনাকে ছবিতে নিতে শহিদই অনুরোধ করেছিলেন।

ক্যাটরিনা কাইফ ও সালমান খান
তাঁরা ভালোবাসায় জড়িয়েছিলেন—এ খবরে বলিউডপাড়া সরব ছিল বেশ কয়েক বছর। কিন্তু তাঁদের বক্তব্য, ‘আমরা শুধুই বন্ধু।’ সে বন্ধুত্ব এখনো আছে অটুট। সালমানের হাত ধরে নিজের ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ক্যাট। এখনো জীবনের সব ক্ষেত্রে ‘ভাইজান’ সাল্লুর উপদেশ মাথা পেতে নেন। এই তো কদিন আগে এক সাক্ষাৎকারে ক্যাট বললেন, ‘আমার কাছে ওর (সালোনের) দেওয়া উপদেশ? অমূল্য।’

আনুশকা শর্মা ও রণবীর সিং
২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবি দিয়ে দুজন কাছাকাছি আসেন। শুরু হয় বন্ধুত্ব। সবার মতো করে জড়িয়ে যান প্রেমে, কিন্তু টেকেনি। আনুশকা শর্মা জড়িয়ে গেলেন খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে। আর রণবীর? দীপিকার চুমু নাকি তাঁর সবচেয়ে প্রিয়! এই আনুশকা এবং রণবীর ফের পর্দায় এলেন দিল ধাড়কানে দো সিনেমায়। দুজনের সম্পর্কটাও এখন শুধু বন্ধুত্বের। রণবীর তো এক সাক্ষাৎকারে বলেই ফেললেন, ‘আমি ওর সবচেয়ে খাঁটি বন্ধু।’
শরীফ নাসরুল্লাহ
হিন্দুস্তান টাইমস, উইমেনস এরা ও বলিউড শাদি অবলম্বনে