প্রেম না বন্ধুত্ব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
বিরাট কোহলি ও আনুশকা শর্মা

প্রেমের সূত্র তো বন্ধুত্ব, তা-ই নয় কি? বন্ধুত্বের হাত ধরেই তো আসে প্রেম। আবার এই প্রেম নামক সম্পর্ককে লুকাতে যে শব্দটা সব সময় সবার আগে এগিয়ে আসে, সেটাও বন্ধুত্ব। সাধারণ মানুষ কিংবা তারকা যা-ই হন, কিছু ঘটার আগেই রটে যাওয়া সেই সম্পর্ককে লুকোতে আপনি ওই একটা বাক্যকেই সামনে এনে দাঁড় করাতে পারেন—আমরা তো স্রেফ বন্ধু, আমাদের মধ্যে আসলে কোনো প্রেমের সম্পর্ক নেই। বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মাও সেই একই বুলি আওড়ালেন। ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম করছেন আনুশকা—এমন গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টিনসেলে। সেই প্রেম নিয়েই লুকোচুরি খেলায় এবার মেতেছেন ব্যান্ড বাজা বরাতখ্যাত এই অভিনেত্রী। বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে প্রেম করলেও তাঁকে স্রেফ বন্ধু বলেই দাবি করেছেন ২৫ বছর বয়সী এ বলিউড তারকা। এটা কি তবে প্রেমের সূত্র, নাকি শুধুই বন্ধুত্ব?
ড্রয়িংরুমের চারকোনা বাক্সে আনুশকা-বিরাট জুটিকে প্রথমবার দেখা যায় একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে। কিছুদিন আগে প্রচারিত সেই বিজ্ঞাপনটি দেখে মনে মনে হয়তো আপনিও বলেছিলেন, ‘বাহ! দুজনকে তো বেশ মানিয়েছে।’ মনের কথা মনের ভেতরেই রাখুন, রণবীর সিং শুনে ফেললে কিন্তু খবর আছে! আনুশকার সাবেক প্রেমিক এই রণবীরই নাকি বিরাট কোহলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আনুশকা শর্মার। পরবর্তীকালে আনুশকার সুপারিশেই কোহলিকে নেওয়া হয় শ্যাম্পুর সেই বিজ্ঞাপনচিত্রে। রণবীর সিংয়ের সঙ্গে ছাড়াছাড়ির পর এই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই আনুশকা-বিরাটের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। লুকোচুরি করে বেশ কয়েকবার তাঁদের ডেটিং করতে দেখা গেছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। জনসমক্ষে পড়ে গেলে ‘টা টা’ বলে নিজেদের গন্তব্যে ফিরে গেলেও তা আসলে ছিল অন্যদের চোখে ধুলো দেওয়ার ফন্দি। এমনকি মুম্বাইয়ের কিছু নাইটক্লাবেও নেচে ও গল্প করে সময় কাটাতে দেখা গেছে আনুশকা-বিরাটকে।
এসব শুনেই বলিউডে জোর হাওয়া বইতে শুরু করে, আনুশকার মিষ্টি হাসিতে নাকি বোল্ড আউট বিরাট! তবে এই বিশেষ বন্ধুত্বের কথা বারবার অস্বীকার করেছেন তাঁরা। বিরাটের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় বলে স্বীকার করলেও তাঁর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই বলে জোর গলায় বলেছেন আনুশকা। তিনি বলেন, ‘বিরাট আমার অনেক ভালো বন্ধু। সে খুবই ভদ্র ও মার্জিত একজন মানুষ। হ্যাঁ, মাঝেমধ্যে আমাদের দেখা-সাক্ষাৎ হয়। মুম্বাইয়ে পা রাখলে সে আমার কাছে আসে। আমি মনে করি, এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। বন্ধুদের মধ্যে তো দেখা-সাক্ষাৎ হবেই। কিন্তু আমি নিশ্চিত করেই বলতে পারি, এখন পর্যন্ত তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’
আনুশকা-বিরাটের এই প্রেমের গুঞ্জন আনুশকার বাড়িতে বিরাটের ইংরেজি নববর্ষ উদ্যাপন করার পর থেকেই বেশি ডালপালা মেলতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদ্যাপনের জন্য বিমান থেকে নেমেই বেশ নাটকীয়তা করে মাঝরাতে সোজা আনুশকার বাড়িতে হাজির হন বিরাট। তাঁর সফরসঙ্গী অন্য ক্রিকেটাররা তাঁদের জন্য অপেক্ষমাণ বাসে চেপে বিমানবন্দর ত্যাগ করলেও থেকে যান বিরাট। মালপত্র ওঠানো হয় আনুশকার ল্যান্ড রোভার গাড়িতে। আর এবার তো একটানা পাঁচ রাত কাটিয়ে আনুশকার বাসা থেকেই নিউজিল্যান্ড সফরে গেলেন এই ভারতীয় ক্রিকেটার।
বলিউডের ও ২২ গজের তারকাদের মধ্যে প্রেমের ইতিহাস কম দীর্ঘ নয়। এই তালিকায় নাম লিখিয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস, কিম শর্মা-যুবরাজ সিং, ঈশা শর্বাণী-জহির খানসহ আরও অনেকে। আনুশকা-বিরাট শুধুই বন্ধু, নাকি বন্ধুত্বের সীমানা ডিঙিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে এই তালিকায় যুক্ত হবেন, সময়ই তা বলে দেবে।
 সাজিদুল হক
ইন্ডিয়া টাইমস, জিনিউজ, টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার অবলম্বনে