ঢোল, দোতারা, ডুগডুগির বাজনার সঙ্গে সূত্রধর এলেন মঞ্চে বউলের বেশে। সঙ্গে কাহিনি শুনতে আগ্রহী শ্রোতার দল। তারা গোল হয়ে বসল মঞ্চে। বন্দনা গান শেষে সূত্রধর শুরু করলেন বাংলা লোকসাহিত্যের কালজয়ী বিয়োগান্তক গীতি উপাখ্যান ‘মহুয়া’র গল্প। বদলে গেল মঞ্চের দৃশ্য। মঞ্চে এল এক বিশাল নৌকা। নৌকায় একদল বেদে। বেদের বহর থেকে সখীদের নিয়ে কলসি কাঁখে নদীতে এল পরমাসুন্দর বেদেকন্যা মহুয়া। জাতীয় জাদুঘরে গতকাল শনিবার সন্ধ্যায় পরিবেশিত মহুয়া গীতিনাট্যের শুরুটা ছিল এমনই। নৃত্যাঞ্চলের পরিবেশনায় এই নৃত্যনাট্যের পরিকল্পনা ও পরিচালনা করেছেন শিল্পী শামীম আরা নীপা। গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। নদের চাঁদ চরিত্রে অভিনয় করেছেন শিবলী মহম্মদ। গ্রন্থনা করেছেন শহীদুল ইসলাম। মহুয়া গল্পের নায়ক সুদর্শন পুরুষ ‘নদের চাঁদ’ এক জমিদারের দেওয়ান। অন্যদিকে রূপবতী মহুয়া বেদে সর্দার হুমরা বেদের পালিত কন্যা, যাকে শিশুকালে হুমরা বেদে নেত্রকোনার কাঞ্চনপুর থেকে ডাকাতি করে নিয়ে আসে। গল্পের শুরুতে সূত্রধর সুরে সুরে জানিয়েছিলেন, মহুয়াও এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছিল। বেদেরা ঘাটে ঘাটে নোঙর ফেলে হাটবাজার ও পাড়ায় সাপের খেলা দেখিয়ে বেড়ায়। বেদে মহুরা যখন নদের চাঁদের গ্রামে সাপের খেলা দেখাতে আসে, তখন মহুয়ার রূপে মুগ্ধ হয়ে নদের চাঁদ তাকে প্রেম নিবেদন করে। মহুয়াও নদের চাঁদের আবেদনে সাড়া দেয়। কিন্তু দুজনের মিলনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সরদার হুমরা বেদে। একদিন নদের চাঁদ মহুয়াকে নিয়ে পালিয়ে যায়। এদিকে, হুমরা বেদে বিষয়টি জানতে পেরে দলবল নিয়ে তাদের পিছু ধাওয়া করে। অবশেষে তারা মহুয়া ও নদের চাঁদকে ধরে ফেলে। হুমরা বেদে নদের চাঁদকে হত্যার সিদ্ধান্ত নেয়। সরদার মহুয়ার হাতে ছুরি দিয়ে বলে, ‘যাও, নদের চাঁদকে মেরে ফেল।’ ছুরি নিয়ে মহুয়া নদের চাঁদের দিকে এগিয়ে যায়। নদের চাঁদের সম্মুখে পৌঁছে ছুরি দিয়ে তার নিজের বক্ষ বিদীর্ণ করে এবং মাটিতে ঢলে পড়ে। প্রণয়পিয়াসী নদের চাঁদ মহুয়ার এই আত্মত্যাগ সহ্য করতে না পেরে প্রেমের প্রতিদানস্বরূপ ছুরি দিয়ে নিজ জীবন আত্মাহুতি দেয়। নৃত্যনাট্যটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, বেলায়েত হোসেন খান, শফিকুর রহমান, এনায়েত-এ মাওলা জিন্নাহসহ নৃত্যাঞ্চলের শিল্পীরা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল মহুয়া নৃত্যনাট্যের আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য মাসুদ আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।