প্রেম ভাঙলেই নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো জোনস,টেলর লটনার,জন মেয়ার,জ্যাক গিলেনহল,কনর কেনেডি,হ্যারি স্টাইলস্,কেলভিন হ্যারিস
জো জোনস,টেলর লটনার,জন মেয়ার,জ্যাক গিলেনহল,কনর কেনেডি,হ্যারি স্টাইলস্,কেলভিন হ্যারিস
টেলর সুইফট
টেলর সুইফট

টেলরকে গান লিখতে উদ্বুদ্ধ করে তাঁর সাবেক প্রেমিকের ভূতেরা। একটা করে প্রেম ভাঙে, পপতারকা টেলর সুইফট লিখে ফেলেন নতুন একটি রোমান্টিক গান। এভাবে নিজের বেশ কয়েকটি বিচ্ছেদ থেকে তিনি লিখেছেন বেশ কয়েকটি বিচ্ছেদগীতি। সম্প্রতি প্রেম ভাঙল ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে। নতুন রোমান্টিক একটি গানের জন্য ভক্তদের অপেক্ষাও শুরু হয়ে গেল। কোন প্রেমিককে হারিয়ে কোন গান লিখেছিলেন সুইফট?
সৃষ্টিশীল মানুষের প্রেরণা দরকার হয়। টেলর সুইফট তাই কখনোই প্রেমহীন থাকতে পারেননি। একটা করে প্রেম ভেঙেছে, শিগগির জুটিয়ে নিয়েছেন নতুন কাউকে। আর পুরোনো জনকে হারানোর বেদনা বা প্রেরণা নিয়ে লিখে ফেলেছেন নতুন নতুন গান। যুগে যুগে প্রেম ভাঙা গানগুলোই মানুষের প্রিয় গানের তালিকায় জায়গা করে নিয়েছে। খুঁজলে সুইফটের দু-একটা বিচ্ছেদগীতি ওই তালিকায় পাওয়া যাবে।
জো জোনস (জুলাই ২০০৮-অক্টোবর ২০০৮)
জোনসের সঙ্গে বিচ্ছেদের পরই রটে গেল সে খবর। টেলর নিজেই জানালেন, মাত্র সাতাশ সেকেন্ডের ফোনকলে সব শেষ হয়ে গেল। এই তারকা–প্রেমিকের সঙ্গে প্রেম টিকেছিল মাত্র চার মাস। ধারণা করা হয়, এই প্রেম তাঁকে দিয়েছে ‘লাস্ট কিস’ ও ‘ফর এভার অ্যান্ড অলওয়েজ’-এর মতো রোমান্টিক গানের প্রেরণা।
টেলর লটনার (আগস্ট ২০০৯-ডিসেম্বর ২০০৯)
নায়ক টেলরের সঙ্গে গায়িকা টেলরের পরিচয় ভ্যালেনটাইনস ডে ছবির শুটিং সেটে। প্রেম টিকল পাঁচ মাস। ‘টোয়াইলাইট’ তারকাকে নিয়েই যেন সুইফট লিখলেন ‘ইউ গেভ মি রোজেস, অ্যান্ড আই লেফট দেম হেয়ার টু ডাই’ (তুমি দিলে সতেজ গোলাপ, আমি ওদের মরতে দিয়েছি) কথাগুলো। লেখা হলো জনপ্রিয় ‘ব্যাক টু দ্য ডিসেম্বর’ গানটি।
জন মেয়ার (ডিসেম্বর ২০০৯-ফেব্রুয়ারি ২০১০)
হঠাৎ মনে হলো গানের পাখিটির দিকে জনের কোনো মনোযোগই নেই। সুইফট নিজেই ভেঙে দিলেন সম্পর্ক। লিখলেন ‘ডিয়ার জন’ গানটি।
জ্যাক গিলেনহল (অক্টোবর ২০১০-জানুয়ারি ২০১১)
মাত্র চার মাসের সম্পর্ক। কিন্তু এটাই ছিল এখন পর্যন্ত সুইফটের সব থেকে কঠিন প্রেম। অভিসারে যেতে বিরাট একটা জেট বিমান ভাড়া করেছিলেন জ্যাক। অথচ বিচ্ছেদ হয়েছে ছোট্ট একটি খুদে বার্তায়। এই প্রেম আমাদের দিয়েছে ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’-গানটি। এ ছাড়া ‘স্টেট অব গ্রেস’ গানটিও হয়তো নীল চোখের এই প্রেমিককে ভেবেই লেখা। কেননা, ওই গীতিকবিতাতেই রয়েছে ‘দুই জোড়া নীল চোখে’ আগুনের ইঙ্গিত।
কনর কেনেডি (জুলাই ২০১২-অক্টোবর ২০১২)
প্রেমিক চার বছরের ছোট। তাতে কী? মার্কিন এক বনেদি রাজনৈতিক পরিবারের ছেলে কেনেডি। প্রেমটা এতটাই গাঢ় হয়েছিল যে প্রেমিকের বাড়ির পাশে কেইপ কোডে প্রায় পৌনে পাঁচ (৪ দশমিক ৮) মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনে ফেলেছিলেন সুইফট। প্রেম ভাঙার পর অবশ্য পৌনে ছয় (৫ দশমিক ৭) মিলিয়নে সেটা বেচেও দেন। এক প্রেমে এক মিলিয়ন ডলার লাভ? না। ভক্তরা পেয়েছেন ‘বিগিন এগেইন’-এর মতো একটি গান।
হ্যারি স্টাইলস্ (ডিসেম্বর ২০১২-জানুয়ারি ২০১৩)
ধারণা করা হয়, সুইফটের দারুণ জনপ্রিয় ‘আই নিউ ইউ ওয়্যার ট্রাবল’ গানের পেছনে ছিলেন হ্যারি। খুব সাবধানে, গোপনে বিচ্ছিন্ন হয়েছেন দুজন। এই প্রেম নিয়ে জানতে চাইলে রোলিং স্টোনকে টেলর বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত ব্যাপারে এত আগ্রহ দেখানোটা ভালো লাগছে না। মনে হচ্ছে আমার প্রেম নিয়ে আলোচনা করেই লোকের সময় কাটে। এ ধরনের বিনোদন আর দিতে চাই না।’
কেলভিন হ্যারিস (মার্চ ২০১৫-জুন ২০১৬)
এই প্রেমটায় টেলর একটু সময় নিয়েছেন। লোক জানাজানিটাও হয়েছে আগের থেকে বেশি। এখন থেকে প্রায় বছর দুই আগেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ধারণা করা হয়, রাষ্ট্র হওয়ার আরও আগে থেকেই দুজনের ভাব। সপ্তাহখানেক আগে বিচ্ছেদ হলো তাঁদের। এর আগে টানা ১৫ মাস বেশ কেটেছে দুজনের। হঠাৎ একদিন ডিজে কেলভিনের টুইট, ‘সাবেক প্রেমিকার জন্য শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই আমার।’ প্রেম ভেঙে যাওয়া দুঃখজনক বটে। কিন্তু প্রেম ভাঙলেই যদি একটি মন মাতানো গান পাওয়া যায়, ভাঙনই ভালো না?

রাসেল মাহমুদ
ইনডিপেনডেন্ট, বিলবোর্ড, মেট্রো লিরিক, সাজেস্ট, দ্য টপটেন, স্টাফ, হলিউড লাইফ অবলম্বনে