
সেভেন ইয়ার ইচ! না ম্যারিলিন মনরোর ছবির কথা হচ্ছে না। হচ্ছে সেই তত্ত্বের কথা, যে তত্ত্বমতে, বিয়ের সাত বছর পেরোলেই সর্বনাশ। এই সংখ্যাতত্ত্ব আদৌ সত্যি কি না তা অবশ্য প্রমাণিত নয়। তবে অন্য একটা জিনিস প্রমাণিত, সেটা সাতের ফের নয়, ৩৩-এর—টম ক্রুজের জীবনে কোনো নারী যদি আসে, তবে সেই নারীটি যেন ৩৩ পেরোনোর পর আর ক্রুজকে ধরে রাখতে পারেন না৷
ক্রুজের হৃদয়ের আঙিনায় কম নারীর আর্দ্র ছায়া পড়েনি। আঙুলের কড় গুনলে দশ পর্যন্ত তো যেতেই হবে। ক্রুজ বিয়েই করেছেন তিনবার। মজার ব্যাপার হলো, এই তিনজনের সঙ্গেই ক্রুজের ছাড়াছাড়ি হয়ে গেছে যখন তাঁদের বয়স ছিল ৩৩।
১৯৮৭ সালে ২৪ বছর বয়সী ক্রুজ বিয়ে করেন তাঁর চেয়ে সাত বছর বেশি বয়সের মিমি রজার্সকে। দুই বছর পর ছাড়াছাড়ি। রজার্সের বয়স তখন ৩৩। ছাড়াছাড়ির বছরেই বিয়ে করেন নিকোল কিডম্যানকে। ১১ বছর সংসার করার পর ২০০১ সালে বিচ্ছেদ। কিডম্যানের বয়স তখন ৩৩। ২০০৬ সালে বিয়ে করলেন কেটি হোমসকে। ২০১২ সালে ছাড়াছাড়ি। কেটির তখনকার বয়স? নিশ্চয়ই অনুমান করতে পারছেন।
সায়েন্টোলজিতে বিশ্বাসী ক্রুজের প্রেমগুলোর ফুল ঝরে যাওয়ার অবশ্য কোনো ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা’ নেই। এই সায়েন্টোলজিই সম্ভবত তাঁর জীবনের স্থায়ী প্রেমিকা। মজার ব্যাপার হলো এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ক্রুজকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন মিমি রজার্সই। রজার্স পরে কৌতুক কিংবা পরিহাস করে বলেছিলেন, ‘টম খুবই গুরুত্বের সঙ্গে ভাবছিল ও সন্ন্যাসী হয়ে যাবে। আর তাই আমাদের বিচ্ছেদটা অনিবার্যই ছিল।’
রজার্সের আগেও ক্রুজের জীবনে এসেছিলেন আরও পাঁচ নারী। এঁদের কজন অবশ্য ‘হে ক্ষণিকের অতিথি’। কেলি ম্যাকগিলিস, হেদার লকলেয়ার, মেলিসা গিলবার্ট যেমন ক্রুজের জীবনে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন। তবে এও সত্যি, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা—এই প্রেমময় উচ্চারণ ক্রুজ কারও উদ্দেশেই করেননি।

মাত্র ১৯ বছর বয়সে, আউট অব ফোকাসে, পাসিং শট দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্রুজ তাঁর সংগ্রামমুখর সময়টা পেরিয়ে আসেন আশির দশকের মাঝামাঝিতে। এ সময়ই রেবেকা ডি মনরোর সঙ্গে প্রেম হয়। রিসকি বিজনেস ছবির সহ-অভিনেত্রীর সঙ্গে এক ছাদের নিচে থাকতেও শুরু করেছিলেন ক্রুজ। কিন্তু ছাদটা আর ছাঁদনাতলায় রূপান্তরিত হয়নি।
পুঁচকে ক্রুজ তখন সিনিয়রদের সঙ্গেই চুটিয়ে প্রেম করতে বোধ হয় বেশি পছন্দ করতেন। ১৯৮৫ সালে বয়সে ১৬ বছরের বড় অভিনেত্রী ও সংগীতশিল্পী শেরের সঙ্গেও প্রেম করেছেন। যে প্রেমের কথা শের স্বীকার করেছেন ২০০৮ সালে অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে এসে। তবে প্রথম সিরিয়াস সম্পর্ক রজার্সের সঙ্গেই। প্রথম স্ত্রী রজার্সও যে তাঁর চেয়ে বয়সে ঢের বড় ছিল, সে তো জেনেছেনই।
কিডম্যান অবশ্য ক্রুজের চেয়ে ৫ বছরের ছোট। রজার্সের সঙ্গে ছাড়াছাড়ির আগেই অস্ট্রেলীয় এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের বীজ অঙ্কুরিত হয়েছিল। ডেজ অব থান্ডার করতে গিয়েই দুজনের পরিচয় এবং প্রণয়। বিয়েটাও হুট করে। যদিও এই বিয়ের কারণে কিডম্যানকে তাঁর ক্যারিয়ারে ছাড় দিতে হচ্ছিল অনেকটাই।
এমন নয় কিডম্যানের স্টপেজ থেকে যাত্রা শুরু করে সোজা হোমসের গৃহে ক্রুজের প্রবেশ। এরই মধ্যে প্রেমের সাপলুডু কয়েকজনের সঙ্গেই খেলেছেন। ক্রুজ-ক্রুজ প্রেম যেমন জমতে জমতেও জমেনি। ভ্যানিলা স্কাই ছবিটি করতে গিয়ে পেনেলোপি ক্রুজের সঙ্গে বন্ধুত্বের শুরু ক্রুজের। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত এই সম্পর্কটা ছিল। কিন্তু দুজনের দুটি পথ দুটি দিকে বেঁকে যায়। ২০১২ সালে ভ্যানিটি ফেয়ার দাবি করে, পেনেলোপি সায়েন্টোলজিতে ধর্মান্তরিত হতে চাননি বলেই নাকি বিচ্ছেদটা হয়েছিল।
যাই হোক, এরপর সোফিয়া ভেরগারার ঘাট পেরিয়ে হোমস। দুজনের সুখের সংসারে এসেছিল সুরি নামের প্রজাপতির মতো একটা মেয়ে। কিন্তু ‘টমক্যাটে’র সুখের সংসার টিকল না। সব দোষ বোধ হয় ওই ‘৩৩’ সংখ্যাটারই।
আর কদিন বাদে ক্রুজ-হোমসের বিচ্ছেদের দুই বছর পূর্তি হবে। মজার ব্যাপার হলো, এরপর ক্রুজ যেন প্রেমের ইনিংসে ‘রিটায়ার্ড হার্ট’ একজন ব্যাটসম্যান। ৫১ বছর বয়স চলছে। কিন্তু ৫৩ বছর বয়সে তো ক্লুনি আবার বিয়ে করতে চলেছেন।
ক্রুজ যেন কিছুতেই আর প্রেমের ভেলায় ভাসতে রাজি নন। বরং ডুবে থাকতে চান কাজে। আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি এজ অব টুমরো । এরপর আসছে মিশন ইমপসিবল সিরিজের পঞ্চম ছবিও। এই সময় প্রেমই তাঁর কাছে সবচেয়ে বড় ‘মিশন ইমপসিবল’!
রাজীব হাসান
এবিসি নিউজ অবলম্বনে