প্রেম শিখতে প্রশিক্ষক রেখেছেন কেটি!
হলিউডের অভিনেতা টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যেও প্রেম শেখেননি কেটি হোমস! কীভাবে প্রেম করতে হয়, তা শিখতে সম্প্রতি একজন প্রশিক্ষকই নিয়োগ দিয়েছেন তিনি। কেটি জানিয়েছেন, কীভাবে ছেলেদের সঙ্গে প্রেম করতে হয় তা শিখতেই পেশাদার একজন প্রশিক্ষকের কাছে প্রেমের পাঠ নিচ্ছেন তিনি।যুক্তরাজ্যের সান পত্রিকার এক খবরে বলা হয়েছে, প্রেম বিষয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে পেশাদার এক প্রশিক্ষকের কাছ থেকে কথা বলা, খোশগল্প, ছেলেদের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয়গুলো শিখছেন ৩৪ বছর বয়সী কেটি হোমস। আত্মবিশ্বাস তৈরিতে প্রশিক্ষক তাঁকে মুঠোফোনে ও সরাসরি কথা বলে প্রেম শেখাচ্ছেন।কেটির ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, প্রশিক্ষণ শেষে যথেষ্ট আত্মবিশ্বাসী কেটি একজন উপযুক্ত সঙ্গীর খোঁজ করবেন। এজন্য প্রস্তুত হচ্ছেন কেটি হোমস।২০১২ সালের আগস্ট মাসে টম ক্রুজের সঙ্গে সংসার ভেঙে যায় কেটির। ২০ আগস্ট নিউইয়র্কের আদালতে বিচারকের চূড়ান্ত রায়ে টম ক্রুজ-কেটি হোমস দম্পতির পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানার আবেদন আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়। এর আগে দীর্ঘদিন প্রেম করার পর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে কেটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। ২০০৬ সালের ১৮ নভেম্বর ইতালিতে জাঁকালো এক আয়োজনের মধ্য দিয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সাত মাস আগে কন্যাসন্তানের মা হয়েছিলেন কেটি। এই দম্পতির এই একমাত্র মেয়ের নাম তাঁরা রাখেন সুরি।