প্রেমপত্রে লিখেছিলাম তাঁর পঙ্ক্তিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে শামসুর রাহমানের জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করছেন শিল্পীরা  l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে শামসুর রাহমানের জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করছেন শিল্পীরা l ছবি: প্রথম আলো

জন্মদিনের দুপুরে মায়ের কোল ঘেঁষে বসে দুপুরের খাবার খেতেন কবি শামসুর রাহমান। তাঁর আশেক লেনের বাড়িতে এক জন্মদিনে গিয়ে হাজির হয়েছিলেন কবি সৈয়দ শামসুল হক। গতকাল শুক্রবার বিকেলে শামসুর রাহমানের ৮৭তম জন্মদিনের আয়োজনে স্মৃতির সেই পৃষ্ঠাটি খুলে ধরেছিলেন তিনি। সাহিত্যের সংসারে একই সঙ্গে বেড়ে ওঠা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও আনিসুজ্জামানও তাঁদের স্মৃতিময় সময়ের কথা, তাঁর কাল-অধিগ্রাহী কবিতার কথা স্মৃতি খুঁড়ে তুলে আনেন। কবির জন্মবার্ষিকী উদ্‌যাপনের এই যৌথ আয়োজনটি করেছিল বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ।
কবির লেখা ও আইয়ুব বাচ্চুর গাওয়া ‘বাংলাদেশ’ গানটি বাজিয়ে শুরু হয় আয়োজন। সেই ‘তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল/তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল’ গানটির সঙ্গে নাচ করে নন্দনকলা কেন্দ্রের শিল্পীরা। সৈয়দ শামসুল হক বলেন, ‘স্মৃতি পরিষদের বদলে প্রয়োজন ছিল শামসুর রাহমান চর্চা পরিষদ। তিনি শুধু স্মৃতি কেন, বাংলার ধুলোতেও মিশে আছেন। বাংলার ইতিহাসযাত্রায় তিনি থাকবেন।’ কবির ‘দেবতারা’ কবিতাটি পাঠ করে শোনান তিনি। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ‘তিনি উচ্চকণ্ঠের কবি না, বরং সাধারণ মানুষের কবি হতে চেয়েছেন। তাঁর পাশে থেকে বড় হয়েছি বলে কবিতাগুলোর প্রথম পাঠকও ছিলাম আমরা।’ তাঁকে নিয়ে বলতে গিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘কবির কবিতার পঙ্‌ক্তি ব্যবহার করেই প্রথম প্রেমপত্রটি লিখেছিলাম।’ আনিসুজ্জামান বলেন, ‘জীবদ্দশাতেই তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। গ্রিক পুরাণের ঘটনাকে তিনি সমকালীন বাস্তবতার সঙ্গে মিলিয়ে কবিতায় ব্যবহার করেছিলেন।’ অনুষ্ঠানে কবির কবিতা ও কবিকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন এ সময়ের অগ্রগণ্য কবিরা। আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন কবি মুহাম্মদ সামাদ। বাংলা একাডেমির রবীন্দ্রচত্বরের এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শামসুর রাহমানের পুত্র, পুত্রবধূ, নাতনি, বন্ধু, ভক্ত ও গুণগ্রাহীরা।