প্রেমার ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার ক্রাসনাইয়ার্স্ক শহর। শহরজুড়ে আনন্দ। আজ শহরটির স্বাধীনতা দিবস। শোভাযাত্রায় অংশ নিয়ে পুরো দিনটিকে মাতিয়ে রাখে শহরের বাসিন্দারা। ‘দ্য সিটি ডে’ পালন করা হয় এভাবেই। হঠাৎ করে শোভাযাত্রায় বেজে ওঠে বাংলার ঢোল। আশপাশের সব শব্দ ছাপিয়ে সে শব্দ পৌঁছে যায় আগত ব্যক্তিদের কানে। কিছুক্ষণের মধ্যেই ঢোলের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল সবাইকে। বাংলাদেশ থেকে যাওয়া ১২ সদস্যের নাচের দলটি সেদিন মাতিয়ে দিল ক্রাসনাইয়ার্স্ক শহরটি। এ রকম একটি নয়, মন ভালো করে দেওয়া অসংখ্য ঘটনার কথা বলছিলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। নাচের জগতে এ নামটি এখন আর অপরিচিত নয়। মণিপুরি নৃত্যের ওপর পড়াশোনা করলেও প্রশংসিত হয়েছেন লোকনৃত্যসহ দেশীয় অন্যান্য নাচের ধারায়। শুধু দেশেই নয়, সুনাম অর্জন করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। সম্প্রতি ঘুরে এসেছেন রাশিয়া ও কোরিয়া। সে অভিজ্ঞতা জানা হলো তাঁর কাছ থেকেই।বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে এ বছর ২৮ জুন থেকে ৪ জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক সংগীত উৎসব এশিয়ান প্যাসিফিক রিজিয়নে (থার্ড ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল এশিয়ান প্যাসিফিক রিজিয়ন) অংশ নেন প্রেমা এবং তাঁর নাচের দল। দলটির নৃত্য পরিচালনা করেছেন প্রেমা। বেছে নিয়েছিলেন দেশীয় বাদ্যযন্ত্র এবং লোকনৃত্য। ‘আমরা কখনো ভাবি না নিজেদের কী আছে। অন্য দেশের সংস্কৃতি দেখে মুগ্ধ হই। সেগুলোকে আপন করে নিই। এ চিন্তা থেকে সরে আসা দরকার। এ কারণেই বাংলাদেশকে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম নাচের মাধ্যমে। নদীমাতৃক দেশ বোঝানোর জন্য বৈঠা ব্যবহার করেছি। একইভাবে বাউলশিল্পকে তুলে ধরেছিলাম একতারা-ঢোলের মাধ্যমে। রাইবেশে এবং লাঠিখেলা নৃত্যকে একসঙ্গে করে নাচ পরিবেশন করেছি’—বললেন প্রেমা। ফলাফল হিসেবে দর্শকদের কাছ থেকে প্রতিটি মুহূর্তে পেয়েছেন অকুণ্ঠ উৎসাহ, ভালোবাসা ও প্রশংসা। কোরিয়ার অভিজ্ঞতা কিছুটা ভিন্ন। শুধু প্রশংসা পাওয়ার জায়গাটুকু একই ছিল। লায়লা হাসানের সহযোগিতায় এ বছরই আগস্টে প্রেমা অংশ নেন নাচভিত্তিক সাউথ এশিয়ান কর্মশালায়। ১৪টি দেশের শিল্পীরা পরিবেশন করেন নিজস্ব সংস্কৃতির নাচ। প্রেমা পরিবেশন করার পাশাপাশি শেখান রাইবেশে এবং ঐতিহ্যবাহী নাচ। শিক্ষক হিসেবেও অন্যদের থেকে বেশি প্রশংসিত হয়েছেন প্রেমা। এ দুটো ভ্রমণের কারণে অনেক হতাশা ঝেড়ে ফেলতে পেরেছেন প্রেমা। বললেন, ‘আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত কারণে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একটি নির্দিষ্ট বয়সের পর আর নাচ করা যায় না। অর্থসংকটের কারণে যে কাজগুলো করতে চাই সেগুলো করা হয়ে ওঠে না। এ কারণে হতাশা কাজ করে।’ তবে বিদেশি দর্শক ও বিচারকদের ‘ব্রাভো বাংলাদেশ’ কথাটিই কানে মন্ত্রের মতো কাজ করেছে। বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও উৎসাহ।নিজের নাচের স্কুল ভাবনা থেকে ১০ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলী নতুনভাবে পরিবেশন করবেন প্রেমা। ২০০৭ সালে সাধনার হয়ে প্রথম করেছিলেন ভানুসিংহের পদাবলী। এবারের পরিবেশনা হবে নতুন মিউজিক ট্র্যাক দিয়ে। এ ছাড়া ব্যস্ত সময় কাটছে নিজস্ব নাচের স্কুল নিয়ে অন্যান্য ভাবনায়। পাশাপাশি আছেন ছায়ানটে মণিপুরি নাচের শিক্ষক হিসেবে। স্বামী সাকিবুর রহমান খান কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে। শ্বশুরবাড়ি থেকে কখনোই ‘না’ শুনতে হয়নি কোনো বিষয়ে। বরং উৎসাহ, প্রেরণা দেওয়া হয়েছে সব সময়। পেয়েছেন সব রকম সহযোগিতাই।তবে বাংলাদেশে নাচের বাণিজ্যিকীকরণ হচ্ছে বলে মনে করেন প্রেমা। ‘জেনেই হোক আর না জেনেই হোক আমরা অপসংস্কৃতি দেখিয়ে ফেলছি। ভুল পরিবেশনা হচ্ছে অনেক জায়গাতেই।’ তবে হতাশার মধ্যেও আশাবাদী প্রেমা। তিনি আনন্দিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাচের আলাদা বিভাগ হওয়ার বিষয়টি স্বীকৃতি পেয়েছে বলে। প্রেমা এখন নৃত্যের মধ্যেই খুঁজে পেতে চান নিজেকে এবং নতুনত্ব তুলে ধরতে চান নিজের কাজের মাধ্যমে।