প্রেমিককে মানাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ক্রিস্টেন!
‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্যাটিনসন এখন ‘দ্য রোভার’ ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। ইদানীং কাজে ব্যস্ত প্যাটিনসন খুব একটা পাত্তা দিচ্ছেন না ক্রিস্টেনকে। আর এ কারণে তাঁর প্রতি প্যাটিনসনের আদৌ কোনো টান আছে কি না, তা নিয়ে সংশয়ে ভুগছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী। সব মিলিয়েই তিনি অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা করছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে রাডার অনলাইন।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্রিস্টেন এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছেন। লস অ্যাঞ্জেলেস ও অ্যাডিলেডের মধ্যে সময়ের ব্যবধান সাড়ে ১৮ ঘণ্টা। প্রেমিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা বেশ কঠিন হয়ে পড়ায় তাঁর অভাব বেশ ভালোই টের পাচ্ছেন ক্রিস্টেন। আর তাই শুটিং শিডিউল থেকে বিরতি নিয়ে উড়ে যেতে চাইছেন অস্ট্রেলিয়া। সূত্রটি আরও জানায়, ক্রিস্টেনের এ ভ্রমণের মূল উদ্দেশ্য প্রেমিকের মুখোমুখি হওয়া। তিনি মনে করছেন, এতে করে তাঁদের ঝুলে থাকা সম্পর্কের উন্নয়ন ঘটবে। তাঁর বিশ্বাস, এই ভ্রমণ তাঁদের বহুদিনের প্রেম সামনে এগিয়ে নেওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর তাঁকে ছেড়ে চলে যান দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসন। অবশ্য বারবার নিজের ভুল স্বীকার করে শেষ পর্যন্ত প্রেমিকের ক্ষমা পান অনুতপ্ত ক্রিস্টেন। কিন্তু গত মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, প্রেমের ইতি টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ক্রিস্টেন-প্যাটিনসন।