প্রেমে নয় যোগে মশগুল!
হলিউডের অভিনেত্রী ডেমি মুর আর ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের প্রেমের গুজব চাউর হয়েছিল গত মাসে। কিন্তু সম্প্রতি রাসেল জানিয়েছেন, তাঁদের প্রেমের খবরের কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেছেন, স্রেফ যোগব্যায়ামের ক্লাসে ডেমির সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়, এর বেশি কিছু নয়। বয়সে ১৩ বছরের বড় ডেমির সঙ্গে তাঁর প্রেমের গুজব চাউর হওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাসেল জানিয়েছেন, ‘আমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। যোগব্যায়ামের ক্লাসে তাঁর সঙ্গে আমার সাক্ষাত্ হয়। ক্লাসের বাইরে আমাদের মধ্যে কোনো রকম যোগাযোগ হয় না। আমি তাঁকে অনেক পছন্দ করি। পছন্দ করার মতোই আকর্ষণীয় তিনি। বয়স বাড়লেও তাঁর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তাঁকে আমার ভালো লাগে। ব্যস, এর বাইরে আর কিছু নয়।’ এক খবরে এমন তথ্য দিয়েছে সান অনলাইন। রাসেল আরও জানিয়েছেন, ‘আমরা যে যোগব্যায়ামের কেন্দ্রে ক্লাস শুরু করেছিলাম, তার প্রশিক্ষককে চাকরিচ্যুত করা হলে সব সহপাঠীকে আমার লস অ্যাঞ্জেলেসের বাসায় আমন্ত্রণ জানাই। ৩০ জন মিলে আমার বাড়িতেই যোগব্যায়ামের চর্চা করছি।’