প্রেমের গল্প 'সুলতানা বিবিয়ানা'
>বেশ কিছুদিন আলোচনায় নেই অভিনয়শিল্পী আঁচল। বেশ কয়েকবার ফোন করে গত মঙ্গলবার পাওয়া গেলে তাঁকে। যখন কথা হলো, তখন তিনি খুলনার ডুমুরিয়ায় নিজের বাড়িতে। অথচ আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রটি। তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাসহ ব্যক্তিগত বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন আঁচল। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক

আপনার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আড়াল’। আপনি নিজেও বেশ কিছুদিন ধরে আড়ালে? রহস্য কী?
আসলে আমার হাতে খুব বেশি ছবি নেই। কাজের চাপ কম। তাই ঘুরে বেড়িয়েছি। পরিবারকে সময় দিয়েছি।
গুজব আছে আপনি সাংবাদিকদের এড়িয়ে চলেছেন এবং তাঁদের ফোনে সাড়া দেননি?
গুজব না সত্যি। আসলে সবাই প্রায় একই প্রশ্ন করেন। সিনেমা করছি না কেন? কবে শুটিং—এসব। আমার হাতে তো কাজ নেই। কী বলব। তাই তাঁদের সঙ্গে কথা কম হয়েছে।
হাতে ছবি নেই কেন?
আমি ঠিক বলতে পারছি না। কেন আমাকে ছবিতে নেয় না? আমাকে পছন্দ হয় না বলে হয়তো নেয় না।
আপনার ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু আপনি কোনো প্রচারণায় নেই। কারণ কী?
আপনারা আছেন, আপনারা করেন।
কিন্তু আপনি নাকি কোনো টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দেননি। দাঁড়াননি কোনো ফটোগ্রাফারের ক্যামেরার সামনে?
আসলে আমি একটু মোটা হয়েছি। এ অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। তাই একটু দূরে আছি। বাপ্পী, পরিচালকসহ সবাই মিলে প্রচার করছে। করুক। আমি কিন্তু ছবিটি খুলনাতে দেখব।
আপনি নাকি ঢাকা ছেড়ে খুলনাতে স্থায়ী হয়েছেন?
এটা একদম মিথ্যা কথা। ঢাকার বনশ্রীতে আমার বাসা এখনো আছে। আসলে একটা সময় সবার সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল তাই এমন গুজব রটেছে। এই কথার কোনো ভিত্তি নেই।
‘সুলতানা বিবিয়ানা’ দেখতে কেন প্রেক্ষাগৃহে যাবে দর্শক? এমন তিনটি কারণ বলতে পারবেন?
অবশ্যই পারব। এক. এটি একটি মৌলিক গল্প। দুই. এই ছবিতে আমি ও বাপ্পী অভিনয় করেছি। তিন. ছবির লোকেশন দুর্দান্ত। ফুলের বাগানে শুটিং হয়েছে। আমিও ফুলবাগানে কাজ করেছি। সব মিলিয়ে অসাধারণ একটা প্রেমের গল্প।
আপনার হাতে এখন কয়টি সিনেমা আছে?
দাগ নামের একটি ছবির কাজ শুরু করেছিলাম। অল্প কিছু অংশের শুটিং বাকি আছে। আর ডিপজল ভাইয়ের এক কোটি টাকা নামে একটা ছবির শুটিং শুরু হয়েছে।
প্রেম করছেন নাকি?
না, আগে করতাম। যখন কলেজে পড়তাম। এখন করি না।
আর বিয়ে কবে নাগাদ করছেন?
আমি ঠিক জানি না। এটা বাবা-মা দেখবেন। আপাতত এসব নিয়ে ভাবছি না।