
কতই বা বয়স, বিশ থেকে পঁচিশ। পৃথিবীর চোখে আঙুল দিয়ে ওঁরা দেখিয়ে গিয়েছিলেন, মৃত্যুও হতে পারে কত মহিমান্বিত। এই ভূখণ্ডে বারবার আমরা পেয়েছি এমন সব তরুণকে। প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে ফারাজ আইয়াজ হোসেন। দেশ ও মানুষের জন্য প্রাণ দিয়ে যাওয়া এ রকম তরুণদের নিয়ে ব্যতিক্রম এক বাচিক প্রযোজনা ‘প্রেরণার তারুণ্য: স্বপ্ন-শক্তি-ভালোবাসায়...’-এর আয়োজন করেছিল মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র।
গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের এ আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’ গানের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে। দৈনিক প্রথম আলোর ১৮ বছর পূর্তিতে এক ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছিল বেশ কয়েকজন তরুণের কথা-ছবি। তাঁদের মধ্যে আছেন সুকান্ত, কল্পনা চাকমা, নূর হোসেন, শাফি ইমাম রুমী, সোমেন চন্দ প্রমুখ। এই তরুণদের কথাই একে একে তুলে ধরেন মুক্তধারার বাচিক শিল্পীরা।