প্রেসক্লাবে জমজমাট প্রতিষ্ঠাবার্ষিকী
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হলো। মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে গতকাল সংগীত ও নৃত্য পরিবেশনায় মুখর হয়েছিল ক্লাব মিলনায়তন।অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ নির্বাহী সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য সংস্থা নৃত্যাঞ্চলের জমকালো নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। তিনি ‘আইজ পাশা খেলব রে শ্যাম’, ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’সহ মরমি শিল্পী হাসন রাজা ও আবদুল করিমের গান পরিবেশন করেন। শেষে আসেন প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে মাতিয়ে রাখেন সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের।