
বাউল দুঃখ করে বলেছিলেন, ‘আমার গান অনেকেই গায়, কিন্তু কোথাও আমার নামটা পর্যন্ত নেয় না। গানের ভেতর আমার নাম দেওয়া থাকে। ওরা সেইটুকু বাদ দিয়েই গায়।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছেও এই আক্ষেপের কথা বলেছিলেন তাঁর বন্ধু বাউলসম্রাট শাহ আবদুল করিম।
১২ সেপ্টেম্বর ছিল এই বাউলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। গতকাল রোববার সন্ধ্যায় এই উপলক্ষে শিল্পকলা একাডেমীতে তাঁকে স্মরণের আয়োজন করে সুবচন নাট্য সংসদ এবং ভাটি বাংলা সাংস্কৃতিক পরিষদ। একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তন প্লাজায় আয়োজন করা হয় সংক্ষিপ্ত একটি আলোচনা অনুষ্ঠান। এরপরই পরীক্ষণ থিয়েটারে বাউলের জীবনের ওপর নাটক মহাজনের নাও-এর ৮৯তম মঞ্চায়ন করে সুবচন নাট্য সংসদ।
প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শাহ আবদুল করিম আমার বন্ধু ছিলেন। তাঁর সঙ্গে আমার পরিচয় আশির দশকে। করিম খুব সাদাসিধে, সরল মানুষ ছিলেন। মঞ্চে বসতে স্বস্তি বোধ করতেন না। কখনো মঞ্চে উঠলে আমার পাশেই বসতেন। যতক্ষণ থাকতেন, আমার হাত শক্ত করে ধরে বসে থাকতেন। স্ত্রীর মৃত্যুর পর তাঁর জীবন আরও সরল হয়ে পড়ে। জিজ্ঞেস করলে বলতেন, আমার গানগুলো সব সরলার দান। এমন ভালো মানুষ আমি কম দেখেছি। আমি অত্যন্ত গর্বিত যে তিনি আমার বন্ধু ছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং ভাটি বাংলা সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা নেসার আলম মুকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস। আরও বক্তব্য দেন ভাটি বাংলার সাধারণ সম্পাদক শুভ্রত দাস, লেখক শাকুর মজিদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী।
মহাজনের নাও নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০১০ সালে। ২০০২ সাল থেকে বাউলের সঙ্গে থেকে কাছ থেকে তাঁর জীবন অবলোকন করে নাটকটি লিখেছেন শাকুর মজিদ।