প্রয়াণ দিবসে কবিগুরুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, কবিতা, গল্প, উপন্যাস, পত্রসাহিত্য, চিত্রকলা—যেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর হাত দিয়েছেন, তাঁর অতুলনীয় প্রতিভাস্পর্শে তা-ই হয়ে উঠেছে স্বর্ণময়। সেসব দিয়েই স্মরণ করা হয়েছে কবিকে। জানানো হয়েছে গভীর শ্রদ্ধা।গানে গানে ‘তুমি রবে নীরবে হূদয়ে মম’ শিরোনামে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করেছিল গানের আসর। শুরুতেই কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংস্থার শিল্পীরা সম্মেলক কণ্ঠে গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। জাতীয় সংগীত শুরু হওয়া মাত্রই শ্রোতারা দাঁড়িয়ে পড়লেন। অনেকে কণ্ঠ মেলালেন গানে। দৃশ্যটি ছিল আবেগঘন। শ্রোতারা যেমন শ্রদ্ধা প্রদর্শন করলেন দেশের প্রতি, তেমনি প্রদর্শিত হলো কবিগুরুর প্রতিও।সাদাসিধে মঞ্চে এরপর শুরু হলো গানের পালা। গানে গানে স্মরণ করা হলো কবিগুরুকে। অনুষ্ঠানে সালমা আকবর ‘মরণ রে তুঁহুঁ মম শ্যামসমান’, ফাহিম হোসেন চৌধুরী ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’, সাজেদ আকবর ‘পুরানো জানিয়া চেয়ো না’, নাঈমা আলী ‘আমি হূদয়েতে পথ কেটেছি’, নাহার জামিল ‘ভরা বাদর মাহ ভাদর’, আজাদ হাফিজ ‘শ্রাবণের ধারার মতো’, মনসুরা বেগম ‘এবার মিলন হাওয়ায়’ ও আজিজুর রহমান ‘খেলার সাথী বিদায় দাও’ গাইলেন। এ ছাড়া মামুন জাহিদ খান ‘ওগো আমার চির অচেনা পরদেশী’, শরফুল আলম ‘আজি বরিষণ মুখরিত’, রোকাইয়া হাসিনা ‘যা হবার তা হবে’, ছায়া কর্মকার ‘এমন দিনে তারে বলা যায়’, ফারহাত হোসেন ‘পথে চলে যেতে যেতে’, চঞ্চল খান ‘আছ আকাশ তুলে মাথা’ ও কনক খান ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ গানগুলো গাইলেন। কবির স্মরণে আয়োজিত এই গানের আসরে গান শোনালেন প্রায় ৪০ জন। শ্রোতারা উপভোগ করলেন যেমন কবিগুরুর কিছু পরিচিত গান, তেমনি অপরিচিত গানও।মৃত্যুহীন রবীন্দ্রনাথবাংলা একাডেমী বিকেলে আয়োজন করে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমীর সেমিনার কক্ষে ‘মৃত্যুহীন রবীন্দ্রনাথ’ শীর্ষক বক্তৃতা দেন কথাশিল্পী আবদুশ শাকুর। স্বাগত বক্তৃতা দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।মূল প্রবন্ধে কথাশিল্পী আবদুশ শাকুর বলেন, মনুষ্যবিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন প্রকৃতির আকস্মিক খেয়ালেই। রবীন্দ্ররহস্যের যেদিকেই তাকাই, কেবল এই সত্যই দেখতে পাই যে, এই শিল্পীর সৃজনধর্মী চিত্তবৃত্তি সর্বক্ষেত্রেই চিরস্থায়ী। তাঁর সৃষ্টি সব সময়ই আকস্মিক, অনুমিত সম্ভাবনার সব সীমার বাইরে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছিলেন, প্রাণের প্রাচুর্য এবং প্রকৃতির মাধুর্য নিয়ে আমাদের পৃথিবীটি যে একটি বড় সমাজ, যার পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে হবে। প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই ভূমিশ্রীকে মর্যাদা দিতে হবে।সভাপতি বলেন, রবীন্দ্রনাথ প্রকৃতিকে যেভাবে চিনেছিলেন, তার প্রতিফলন তাঁর সমগ্র রচনায় ছড়িয়ে আছে। উনিশ শতকে কেউ যখন পরিবেশ নিয়ে ভাবেনি, তখন রবীন্দ্রনাথ পরিবেশ নিয়ে ভেবেছেন। তিনি মনে করতেন, কৃষির উন্নয়নের ভেতর দিয়েই দেশের উন্নয়নের সব সম্ভাবনা নিহিত।স্বাগত ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক বলেন, রবীন্দ্রনাথকে তাঁর সামগ্রিকতায় তুলে ধরার মতো কোনো কাজ এখনো হয়নি।আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন এস. এম. মাহিদুল ইসলাম। গান শোনান মিতা হক, লিলি ইসলাম, শামা রহমান, অদিতি মহসিন, মহাদেব ঘোষ প্রমুখ। ছায়ানটে ‘তাসের দেশ’ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে ছিল নৃত্যনাট্য তাসের দেশ। শুরুতে বক্তব্য দেন ছায়ানটের অধ্যক্ষ সন্জীদা খাতুন। ছায়ানট ও সাধনা উপমহাদেশীয় সংগীত ও নৃত্য প্রসার কেন্দ্রের সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ হয়। নির্দেশনা উপদেশক বেলায়েত হোসেন খান। নৃত্য নির্দেশনা দিয়েছেন ফারহানা আহমেদ। অভিনয় করেছেন লুবনা মরিয়ম, সুকোমল, ইফতেখার, কাঁকন, ঝোটন প্রমুখ।শুরুতে জানিয়ে দেওয়া হয় নাটকের প্রেক্ষাপট। ‘তাসের দেশ এমনই এক দেশ, যে দেশে আছে কেবল নিয়ম আর নিয়ম। এই দেশে কোনো আনন্দ নেই, শুধু কড়া নিয়ম। একদিন এল এক রাজপুত্র। সে নিয়ম ভাঙার গান গাইল। তার সঙ্গে সঙ্গে তাসের দেশের সবাই স্বাধীনচেতা হয়ে উঠতে চাইল। মানুষের প্রাণশক্তিতে সজীব মানুষ হয়ে ওঠার বাসনা হলো সবার।’ কথা শেষ হতেই ‘হেইয়া হো হেইয়া’ শব্দে নৌকা চালাতে চালাতে মঞ্চে এলেন শিল্পীরা। গেয়ে উঠলেন, ‘খরবায়ু বয় বেগে, চারিদিক ছাই মেঘে’। গান শেষে মঞ্চে রাজপুত্রের আবির্ভাব। যে রাজপ্রাসাদের গুমোট আলো-ছায়া থেকে বেরিয়ে ছুটে বেড়াতে চায় মুক্ত স্বাধীন হয়ে। অনেক গল্পের পর রাজপুত্র পৌঁছায় তাসের দেশে। সেখানে সবার চলাফেরা দম দেওয়া পুতুলের মতো নিয়মমাফিক। পুতুলের মতো কথা বলে, তেমন করেই নড়েচড়ে। এরপর নাচে গানে এগিয়ে যায় নৃত্যনাট্য ‘তাসের দেশ’। শিল্পীদের তাসের নকশা করা বর্ণাঢ্য পোশাক আর চমৎকার নৃত্যাভিনয় দর্শকদের দিয়েছে নির্মল আনন্দ।নজরুল একাডেমীনজরুল একাডেমী ভবনে বসেছিল শিশু-কিশোরদের মেলা। একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে আয়োজন করেছিল রবিঠাকুরের ৬৯তম প্রয়াণের স্মরণায়োজন। ড. আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।কুষ্টিয়ার কুঠিবাড়িতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকুষ্টিয়া প্রতিনিধি জানান, বিশ্বকবির ৬৯তম মহাপ্রয়াণ দিবসে কুষ্টিয়ার কুঠিবাড়িতে (টেগর লজ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কুষ্টিয়া পৌরসভার আয়োজনে ‘জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমন ধন আর নাহি যে তোমা-সম’ শীর্ষক এই অনুষ্ঠান হয়েছে কুষ্টিয়ার কুঠিবাড়িতে। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ম. মনিরউজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মুর্শেদ প্রমুখ।আলোচনা শেষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা গান গেয়ে শোনান। এর আগে সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়ার কুঠিবাড়িতে প্রধান ফটকে কবির আবক্ষ প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। আলোচকেরা কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে কুষ্টিয়ার শিলাইদহে জাতীয়ভাবে অনুষ্ঠান না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের জন্য বগুড়ায় কর্মশালানিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় সংগীত শুদ্ধভাবে এবং সঠিক সুরে পরিবেশন করার জন্য বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও ‘ভোর হলো’র আয়োজনে স্কুলের ছাত্রছাত্রীদের তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আনওয়ার হোসেন কর্মশালার উদ্বোধন করেন।বাংলাদেশ গ্রাম থিয়েটায়ের যুগ্ম সম্পাদক তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সংস্কৃতিজন খন্দকার গোলাম কাদেরসহ শিল্পকলা একাডেমীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রবীন্দ্রসংগীতশিল্পী শহীদুল ইসলাম কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় বগুড়া শহরের ১৫টি স্কুলের ১৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।