প্রয়াণ দিবসে রবিঠাকুরকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত পরিবেশন করছেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা l ছবি: প্রথম আলো
সংগীত পরিবেশন করছেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা l ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার রাত পৌনে আটটা। নগরের অশ্বিনীকুমার হল পূর্ণ। তখনো অনুষ্ঠান শুরু হয়নি। নিস্তব্ধতা ভাঙে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’—রবীন্দ্রনাথের এই গানে। সঙ্গে সঙ্গে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান শুরু হয়। কথায়, গানে, নৃত্যে, আবৃত্তিতে চলতে থাকে শ্রদ্ধা নিবেদন।
এরপর ছিল ‘গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে’ গানের সঙ্গে মুরাদুজ্জামান খান ও ফারজানা ববির নৃত্য। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এ আয়োজন। রবীন্দ্রনাথের পূজা, প্রকৃতি, প্রেম পর্যায়ের বিভিন্ন গান দিয়ে শিল্পীরা কবিগুরুর প্রয়াণ দিবসকে স্মরণীয় করে তোলেন।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশালের আয়োজনে প্রয়াণ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন, মীর মুজতবা আলী, এস এম ইকবাল, অনুষ্ঠানের আহ্বায়ক কাজল ঘোষ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবদুলাল গুহ প্রমুখ।
গানের সঙ্গে নৃত্যে সহযোগিতায় ছিলেন কৃষ্ণা সজ্জন পূজা। আবৃত্তি করেন শিল্পী সঞ্জয় সাহা ও ঝুমু কর্মকার। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠানটি।