প্রয়াণ দিবসে স্মারক বক্তৃতা

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল ১১ জুন। প্রয়াত এই চলচ্চিত্রকারের প্রয়াণ দিবসে একটি স্মারক বক্তৃতার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতায় ‘বাংলা চলচ্চিত্রে বাউল পরিবেশনার রাজনীতি’ নিয়ে আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র সমালোচক আ আল মামুন। অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র সম্পাদক সাজ্জাদ জহির ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন।
কাল শনিবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষের এ বক্তৃতাটি থাকবে সবার জন্য উন্মুক্ত। স্মারক বক্তৃতা আয়োজনে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)।