
কাছাকাছি সময়ে চলে গেলেন সংগীতভুবনের দুই অতিপ্রিয় মুখ সুধীন দাশ ও করুণাময় গোস্বামী। সংগীত ও আলোচনার মধ্য দিয়ে তাঁদের শ্রদ্ধাভরে স্মরণের আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ছিল এ স্মরণানুষ্ঠান। বাংলার সংস্কৃতি অঙ্গনের এ দুই কৃতী ব্যক্তিকে নিয়ে স্মৃতিচারণা ও আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক কাগজ কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত। আবুল হাসনাত আলোচনা করেন করুণাময় গোস্বামীকে নিয়ে। তরুণদের নিয়ে তাঁর সাংস্কৃতিক আন্দোলন, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতা নিয়ে কথা বলেন তিনি। সংগীত কোষ বইটি নিয়ে তিনি বলেন, ‘এই কোষ গ্রন্থটি বর্তমানে আকর গ্রন্থ হিসেবে সাংগীতিক সমাজে আদৃত। সংগীত শিক্ষার্থীসহ সংগীতে আগ্রহী যেকোনো পাঠক বা গবেষক এই গ্রন্থ থেকে আনুষঙ্গিক তথ্য লাভ করছেন। সংগীতচর্চা, সাধনায় এ গ্রন্থ হয়ে উঠেছে শুধু সহায়ক নয়, সংগীতসমাজের সংগীত কোষ গ্রন্থ।’
কামাল লোহানী বলেন, ‘নজরুলের গানের স্বরলিপি তৈরি করে নজরুলসংগীতের বিশৃঙ্খলা রোধ করেছেন সুধীন দাশ। তিনি বাঙালি সংস্কৃতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর কাজের জন্য। কলকাতার আকাশবাণীতে শিশুদের নজরুলসংগীত শেখানোর একটি অনুষ্ঠানের পরিচালক পঙ্কজ মল্লিক বলেছিলেন, নজরুলের গানের ক্ষেত্রে যেন সুধীন দাশের স্বরলিপিই অনুসরণ করা হয়।’
এ দুই কৃতীজনের স্মরণানুষ্ঠানে কামাল লোহানী শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন সাম্প্রতিক সময়ে চলে যাওয়া সুব্রত সেনগুপ্তকে। তিনি যখন চিতায়, তখন শ্মশানে পৌঁছায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের বেহালাবাদক বাবুল দত্তের লাশ। তার পরপরই চলে গেছেন গেরিলাযোদ্ধা শহীদুল হক মামা, চলে গেলেন রাজীব হুমায়ুন। কামাল লোহানী বলেন, ‘এই মানুষগুলোকে স্মরণ না করলে কষ্ট হয়।’
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর সুধীন দাশকে নিয়ে স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানে গান করেন সুধীন দাশের ছাত্র মফিজুর রহমান, নাসিমা শাহীন, ইকবাল সুমন, লাইসা আহমদ লিসা ও খায়রুল আনাম শাকিল।