প্রয়াত শিল্পীর ছবি নিয়ে বন্ধুদের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদের জয়নুল গ্যালা​িরতে প্রয়াত শিল্পী ক্যামেলিয়ার স্মরণে বন্ধুদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
চারুকলা অনুষদের জয়নুল গ্যালা​িরতে প্রয়াত শিল্পী ক্যামেলিয়ার স্মরণে বন্ধুদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

ক্যামেলিয়া পারভীন সৌভাগ্যবান; তাঁর অনেক কজন বন্ধু আছেন। তিনি যে ওই বন্ধুদের সঙ্গে কেবল লেখাপড়া করেছেন, ঘুরে বেড়িয়েছেন কিংবা ছবি এঁকেছেন এমন নয়, এই বন্ধুদের সঙ্গে তাঁর বন্ধন আরেকটু নিবিড়।
গতকাল সোমবার ছিল অকালপ্রয়াত চিত্রকর ক্যামেলিয়া পারভীনের সপ্তম মৃত্যুবার্ষিকী। বন্ধুরা সবাই চিত্রকর। বন্ধুর মৃত্যুবার্ষিকীতে তাই তাঁরা করেছেন একটি ব্যতিক্রম আয়োজন। নিজেদের এবং প্রয়াত বন্ধুর ছবি নিয়ে আয়োজন করেছেন একটি দলীয় চিত্র প্রদর্শনী—‘স্মৃতির অনুরণন’। প্রদর্শনীতে ক্যামেলিয়ার আঁকা ছয়টি আর তাঁর ১৯ জন বন্ধুর আঁকা ৩৭টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলোর মধ্যে বন্ধু ক্যামেলিয়াকে স্মরণ করে আঁকা ছবিও রয়েছে বেশ কয়েকটি।
গতকাল প্রদর্শনী উদ্বোধনের আগে ছিল একটি ছোট্ট স্মৃতিচারণার আয়োজন। চারুকলা অনুষদের আঙিনায় এই আয়োজনে কথা বলেন ক্যামেলিয়ার শিক্ষক, বন্ধু ও জ্যেষ্ঠ সহপাঠীরা। প্রয়াত বন্ধুর স্মরণে কথার বদলে চোখের জলে ভিজেছেন কেউ কেউ। শিল্পী আবদুল বারক্‌ আলভী বললেন, ‘ক্যামেলিয়া তাঁর কাজের একটা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছিল।’ প্রদর্শনীর উদ্বোধক ক্যামেলিয়ার শিক্ষক শিল্পী হাশেম খান বলেন, ‘এখানে এলেই মনে হয়, এই বুঝি সে বলবে, স্যার কেমন আছেন?’ তিনি বলেন, ক্যামেলিয়ার মেয়ে অনুমোদন দিলে তাঁর মায়ের একটি ছবি জাদুঘরে সংরক্ষণ করা হবে।

মাত্র ১২ বছর বয়সে মাকে হারানো শ্রাবণী সুচন্দ্রিমা বললেন, ‘ছোটবেলা থেকে ছবির ভেতর বেড়ে উঠেছি, নিজে আঁকছি। জানি না চিত্রকলা নিয়ে পড়ার সুযোগ হবে কি না।’ তাঁর বাবা শিশির ভট্টাচার্য চান মেয়ে নিজেই তাঁর এই সিদ্ধান্ত নিক।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। তিনি বলেন, শিশিরের মতো একজন বড় শিল্পীর পাশাপাশি বেড়ে উঠে শিল্পী হওয়া কঠিন ব্যাপার। কিন্তু ক্যামেলিয়া ভালো আঁকতেন। উদ্বোধনে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আনিসুল হক, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকসহ আরও অনেকে।

বন্ধুদের সঙ্গে এই দলীয় প্রদর্শনীটি চলবে ক্যামেলিয়ার জন্মদিন ২৪ অক্টোবর পর্যন্ত। জয়নুল গ্যালারি-১-এ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি ঘুরে দেখা যাবে।