সমীকরণ ধারাবাহিকটি লিখেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করছেন আলভী আহমেদ। চ্যানেল নাইনে প্রচারিত হবে আজ রাতে। এই নাটকে অভিনয় করছেন মেহজাবীন। নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।‘সমীকরণ’ নাটকের কাজ কোথায় করেছিলেন?কক্সবাজারে। পুরো সাত দিন থাকতে হয়েছিল। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা ছাড়া এত দীর্ঘ সময় আর কখনো বাইরে থাকা হয়নি। সম্প্রতি পরবাসিনী ছবির কাজ করতে শ্রীমঙ্গলে গিয়েছিলাম। ওখানে সাত দিন থেকেছি। কক্সবাজারে সাত দিন কেমন কাটিয়েছিলেন?সাগরের পানিতে নেমেছি, সমুদ্রসৈকতে ফুটবল খেলেছি, বাইক চালিয়েছি—অনেক আনন্দ করেছি। শুটিং করছি মনেই হয়নি। যে কেউ দেখে বলবে, আমরা সবাই বনভোজন করতে এসেছি।আপনার প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’। কেমন কাজ করছেন?এক সপ্তাহ শুটিং হয়েছে। এরপর তো আমরা ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই এখন আর কোনো কাজ হচ্ছে না। ছবিতে আমার সঙ্গে অভিনয় করছেন নিরব। বাইরে কিন্তু অন্য কথা শোনা যাচ্ছে। এই ছবিতে নিরবের জায়গায় নাকি অন্য শিল্পী যুক্ত হচ্ছেন?কথাটি আমিও শুনেছি। তবে পরিচালক স্বপন আহমেদ এখনো আমাদের এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। আমরা শুনেছিলাম, ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্র আছে। সামনে এই চরিত্রে একজন শিল্পী যুক্ত হবেন। এখন যদি নিরবের পরিবর্তে অন্য কোনো শিল্পীর সঙ্গে আমাকে অভিনয় করতে বলা হয়, এটা ঠিক নয়। প্রয়োজনে ছবিটি আমি করব না। নিরবের সঙ্গে আপনি আর কোনো কাজ করছেন?এখন আমরা একসঙ্গে একটি নাটকে অভিনয় করছি। ঈদের নাটক, নাম নীরব ভালোবাসা।