প্লেব্যাকে আবারও হাবিব-ন্যান্সি জুটি

‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ চলচ্চিত্রের ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানের মধ্য দিয়ে প্রথম প্লেব্যাক জুটি বাঁধেন হাবিব ও ন্যান্সি। ২০০৬ সালের এ ছবির সংগীত পরিচালনায় ছিলেন হাবিব ওয়াহিদ নিজেই। পেশাদার সংগীতশিল্পী জুটি হিসেবে হাবিব-ন্যান্সিকে শ্রোতারা চমত্কারভাবে গ্রহণ করেন। সেই থেকে তাঁরা সমানতালে অনেক শ্রুতিমধুর গান উপহার দিয়েছেন।
হাবিবের সংগীত পরিচালনায় গাওয়া গানের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন ন্যান্সি। মাঝে দুই বছর চলচ্চিত্র ও অডিও গানের জনপ্রিয় এই জুটি কোনো গানে একসঙ্গে কণ্ঠ দেননি। গতকাল রোববার সেই বিরতিতে ছেদ পড়ল। আবারও একসঙ্গে গানে ফিরলেন হাবিব ও ন্যান্সি। নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন তাঁরা দুজন। হাবিব ওয়াহিদের স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটি শোনা যাবে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে।

শিল্পী-জুটি হিসেবে এতদিনের বিরতি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানের ব্যাপারে হাবিব ওয়াহিদ যথেষ্ট বাছবিচার করেন। পছন্দসই গান না হলে করেন না। গত দুই বছরে হাবিব ভাই নিজেও খুব একটা কাজ করেননি। তা ছাড়া আমি নিজেও পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ঢাকা-নেত্রকোনা আসা-যাওয়ার মধ্যে ছিলাম। এখন সবকিছু কাটিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছি। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজ করা হয়ে গেল।’
গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমাদের কণ্ঠে এতদিন শ্রোতারা যেমন গান শুনেছেন, নতুন ছবির গানটিও তেমনই। আশা রাখছি, এ গানটিও অন্য গানগুলোর মতো শ্রোতারা পছন্দ করবেন।’
হাবিব ও ন্যান্সি সর্বশেষ বছর দুয়েক আগে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ নামের একটি ছবির গানে কণ্ঠ দেন।