পড়শির কাল শাকিবের সঙ্গে শুটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেন্টাল’ ছবির নায়ক শাকিব খান, ‘মন নাজেহাল’ গানের শিল্পী পড়শি ও শান। ছবি: ইউটিউব
‘মেন্টাল’ ছবির নায়ক শাকিব খান, ‘মন নাজেহাল’ গানের শিল্পী পড়শি ও শান। ছবি: ইউটিউব

থাইল্যান্ডের পাতায়াতে দারুণ সময় কাটাচ্ছেন পড়শি। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মেন্টাল’। পরিচালক শামীম আহমেদ রনি। আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার এ দুদিন তিনি ‘মেন্টাল’ ছবির একটি গানের সঙ্গে অভিনয় করবেন। গানটির শিরোনাম ‘মন নাজেহাল’। এই গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছেন ভারতের শিল্পী শানের সঙ্গে। গানটির কথা লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ডাব্বু। এরই মধ্যে ইউটিউবে ‘মন নাজেহাল, মন বেসামাল, প্রেমেতে মাতাল’ গানটি শুনেছেন ৪০ হাজারেরও বেশি শ্রোতা।

আজ সোমবার দুপুরে কথা হলো পড়শির সঙ্গে। এ সময় পড়শির সঙ্গে ছিলেন তাঁর মা। পাতায়া থেকে মুঠোফোনে তিনি জানান, মঙ্গলবার ও বুধবার গানটির শুটিং হবে। পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজক পারভেজ চৌধুরী আজ পাতায়াতে লোকেশন চূড়ান্ত করছেন।
পড়শি জানিয়েছেন, তিন দিন আগে পাতায়াতে গেছেন তাঁরা। এবারই প্রথম তিনি চলচ্চিত্রে নিজের গানের সঙ্গে অভিনয় করবেন। তাও আবার শাকিব খানের সঙ্গে। এ কারণে তিনি খুবই রোমাঞ্চিত। শুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।