পড়শীর গানে সুর করলেন শ্রীলঙ্কার সুরকার
শ্রীলঙ্কার সুরকার ও সংগীত পরিচালক হীরেন থেনুওয়ারার সঙ্গে পড়শীর যোগাযোগ হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে। এর আগে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে পড়শীর গান শুনেছেন হীরেন। তিনি পড়শীর গানের সুর ও সংগীত পরিচালনা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। গানটি হবে দুটি ভাষায়—বাংলা ও সিংহলিতে। হীরেনের সঙ্গে যোগাযোগ হওয়ার শুরুর দিকটা এভাবেই জানালেন পড়শী। মাস খানেক আগে হীরেনের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। পড়শী আরও জানান, হীরেন ইন্টারনেটের মাধ্যমে একটি গানের সুর পাঠান। সেই সুরের ওপর গান লিখেছেন রবিউল ইসলাম। গানটির শিরোনাম ‘কথা দাও’। এরই মধ্যে পড়শীর গাওয়া গান হীরেনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে গানের ইংরেজি ভাষান্তর। এখন সিংহলি ভাষায় গান লেখা হচ্ছে। যুগল কণ্ঠের এ গানে কণ্ঠ দেবেন পড়শী ও হীরেন। তবে বাংলা গানে পড়শী একাই কণ্ঠ দিয়েছেন। গানটি শিগগির শোনা যাবে এফএম রেডিওতে। পরে তৈরি হবে মিউজিক ভিডিও। তবে ওই গান কীভাবে অ্যালবাম আকারে বের হবে, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।