পড়শীর বসত গানে
বেলা একটা পেরিয়ে কয়েক মিনিট। শান্তিনগরের একটি বাড়ির সিঁড়ি ভেঙে ওপরে উঠছি। দোরগোড়ায় দাঁড়িয়ে কলবেলের বোতাম চাপতেই স্কুলের পোশাক পরা মিষ্টি একটা মেয়ে দরজা খুলল। নিজের ঘরে নিয়ে বসাল। এই মিষ্টি মেয়ের নাম পড়শী। সবে স্কুল থেকে এসেছে পড়শী, স্কুলের পোশাকটা বদলানোর ফুরসত পর্যন্ত পায়নি। তার পরও কথা শুরু হয় তার সঙ্গে। পড়শী চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০০৮-এর বিজয়ী। ছোটবেলায় নানির কাছ থেকেই হারমোনিয়ামে সা-রে-গা-মা তোলা, সেই থেকে শুরু। যদিও বা নাচটা শিখেছিল, কিন্তু শেষ পর্যন্ত নাচ নিয়ে আর এগিয়ে যাওয়া হয়নি। প্রথম দিকে গানের তালিম নিয়েছে ওস্তাদ নিয়াজ মামুনের কাছে। চ্যানেল আই ক্ষুদে গানরাজ হওয়ার চিন্তা এল কীভাবে? ‘আমি তখন ক্লাস সিক্সে পড়ি, একদিন নিয়াজ মামুন স্যার এসে বললেন ক্ষুদে গানরাজের কথা। প্রথমে ভেবেছিলাম, আমি কি পারব? তার পরও করে ফেললাম নিবন্ধন। এরপর ধীরে ধীরে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি।’ গান গাওয়ার পাশাপাশি পড়শী কিন্তু পড়াশোনায় হেলাফেলা করেনি। পড়ছে অষ্টম শ্রেণীতে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। দিনটা ছিল শুক্রবার, তার পরও স্কুল? আসলে সামনে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা, তাই পড়াশোনার চাপ বেশি। তবে এত চাপের মধ্যেও গানটা ঠিকই চালিয়ে যাচ্ছে পড়শী। ‘সকাল আটটা থেকে ক্লাস, তাই খুব ভোরে ঘুম থেকে উঠে হারমোনিয়াম আর তানপুরা নিয়ে বসে পড়ি। সকালে এক ঘণ্টা আর রাতে এক ঘণ্টা রেওয়াজ করে তবেই ঘুমাতে যাই।’ গান আর পড়াশোনা কোনটা আগে? পড়শী মৃদু হেসে বলে, ‘পড়াশোনা তো করতেই হবে আর গান হলো ভালোবাসার জায়গা।’ এই ছোট্ট বয়সে অর্জন কিন্তু কম নয় পড়শীর। আট বছর বয়সেই কোমলকুঁড়ি থেকে ছড়াগান আর দেশাত্মবোধক গানে প্রথম আর তৃতীয় হওয়া। আর কী অর্জন আছে পড়শীর? এবারও ঝটপট উত্তর, ‘কেন, দেশের মানুষের ভালোবাসা।’ দেশ আর দেশের বাইরের অনেক শিল্পীরই ভক্ত পড়শী। তবে কাউকে অনুকরণ করার পক্ষপাতী নয় সে। পড়শী বলে, ‘আমি কোনো গুণী শিল্পীর গান শুনে তাঁর সঙ্গে আমার মিলগুলো খুঁজে বের করি এবং সেই মিলের জায়গাটাকে শাণিত করার চেষ্টা করি। কেননা, আমি মনে করি, প্রত্যেক মানুষের আছে নিজস্ব কিছু গুণ বা ক্ষমতা। আর এই আলাদা গুণগুলোকে বের করে আনতে হবে নিজেকেই। বর্তমানে ক্লাসিকের ওপর তালিম নিচ্ছি ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে।’ পড়শী কি পরিবার আর বন্ধুদের কাছে সেই আগের পড়শী, নাকি তারকা বনে যাওয়া পড়শী? ‘নাহ্, আমি আগের পড়শীই আছি। এ পর্যন্ত কাজ করেছি একটি সলো অ্যালবামে। এবারের রোজার ঈদে লেজারভিশন থেকে বের হয়েছে অ্যালবামটি। ১০টি গানের এই অ্যালবামের নামও পড়শী।’ আর তখনই পড়শী তার নতুন অ্যালবামের গানের একটা লাইন গেয়ে ওঠে।‘ভীরু পায়ে আসে ধীরে, কুয়াশা ভোর হারালো।’বেরিয়ে পড়তে হয়, তবে কানে ঠিকই থেকে যায় সে গানের রেশ।