প্যালেস দ্য ফেস্টিভ্যাল নামের ভবনটিকে বলা চলে কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র। এই ভবনে ঢোকার পথেই সবার আগে যেটা চোখে পড়ে, সেটা উৎসবের সুবিশাল পোস্টার। ফ্রেদেরিকো ফেলিনির এইট অ্যান্ড হাফ ছবির সেই বিখ্যাত দৃশ্য থেকে তৈরি করা হয়েছে এবারের উৎসবের পোস্টার।
উৎসব শুরুর আগের দিন থেকেই দেখছি এই ভবন ঘিরে হাজারও মানুষের আনাগোনা। ভিড় লেগেই আছে সব সময়। ভবনের পাশের রাস্তার উল্টোদিকে এরই মধ্যে অবস্থান নিয়ে ফেলেছে নানা দেশের ফটোসাংবাদিকেরা। খেয়াল করে দেখলে এই ভবনের আরও একটা জিনিস নজরে আসবে, সেটি পামগাছের সারি। উৎসবের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার পাম দ-র বা স্বর্ণপাম নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা মনে করিয়ে দিতেই ভবনের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে পামগাছগুলো। পামের চিরল পাতাসদৃশ স্বর্ণ পাম বা পাম দ-র কার হাতে যাচ্ছে সেই ফয়সালা পরে। আপাতত জেনে নিন এবারের উৎসবের শুরুতেই নানা কারণে আলোচিত কয়েকটি ছবির কথা।

গ্রেস অব মনাকো
কান চলচ্চিত্র উৎসবে হলিউডি প্রভাব নিয়ে বিতর্ক হতে পারে৷ কিন্তু এখনো পর্যন্ত উৎসবের সবচেয়ে বড় আলোচনাটা সম্ভবত গ্রেস অব মনাকো আর হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানকে ঘিরেই। প্রতিযোগিতা বিভাগে না থেকেই উদ্বোধনী ছবি হিসেবে গ্রেস অব মনাকো আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। খুদে দেশ মনাকোর রাজকীয় জীবন নাকি হলিউড ক্যারিয়ার? কোন দিকে যাবেন গ্রেস? অভিনেত্রী গ্রেস কেলির জীবনকাহিনি অবলম্বনে তৈরি এই ছবিকে ঘিরে আলোচনার আগুনে ঘৃতাহুতি দিয়েছে খোদ মনাকোর রাজপরিবার, ছবিটি নিয়ে আপত্তি তাঁদের। রাজপরিবার স্রেফ ‘উর্বর মস্তিষ্কের কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে এই ছবির চিত্রনাট্যকে। তাতে অবশ্য গ্রেস অব মনাকো ঘিরে উৎসাহের আগুনে ভাটা পড়ছে না। অলিভিয়ার দাহান পিরচালিত এই ছবিতে নিকোল কিডম্যানের বিপরীতে আছেন টিম রথ। আরও একটা বিশেষ ব্যাপার এই ছবির প্রযোজকদের তালিকায় আছে বলিউডের যশরাজ ফিল্মসও।
উৎসব এলাকায় পা রাখতেই চোখে পড়ল গ্রেস অব মনাকোর বড়সড় চলমান পোস্টার। স্বর্ণ পামের লড়াইয়ে না থাকুক, প্রচারণার লড়াইয়ে এবার গ্রেস অব মনাকো সবার চেয়ে এগিয়ে, সেটা আপাতত নিঃসন্দেহে বলা যায়।

ম্যাপস টু দ্য স্টারস
প্রথম কথা এই ছবির পরিচালক ডেভিড ক্রনেনবার্গ। তাঁর ওপরে যোগ হয়েছে রবার্ট প্যাটিসনস ও জুলিয়ান মুরের ব্যতিক্রমী রসায়ন। ম্যাপস টু দ্য স্টারস লড়ছে স্বর্ণ পাম জেতার লড়াইও। মানে ৬৭তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে আছে ক্রনেনবার্গের এই ছবি। তবে স্বর্ণ পাম জিতুক না জিতুক, এই ছবি ঘিরে বাড়তি আগ্রহ থাকছেই। আর হ্যাঁ রবার্ট প্যাটিনসনের এবার একটা নয়, একাধিক ছবি থাকছে কান চলচ্চিত্র উৎসবে।

মিস্টার টার্নার
অনেকেই বলছেন, বুড়ো হাড়ে আবারও ভেলকি দেখানোর অপেক্ষায় আছেন ইংরেজ পরিচালক মাইক লেই। ইংরেজ চিত্রকর জেম ডব্লিউ টার্নারের জীবনের শেষভাগ নিয়ে লেই এবার তৈরি করেছেন মিস্টার টার্নার। এবারও তাঁর সাড়া জাগানো ছবি ভেরা ড্রেক–এর মতো কিছু কী ঘটে যাবে? মাইক লেইয়ের ছবি বলেই মিস্টার টার্নার শেষ পর্যন্ত কত দূর যায় সেটা দেখার অপেক্ষায় কান চলচ্চিত্র উৎসব।

দ্য সার্চ
আর্টিস্ট দিয়ে দুনিয়া কাঁপিয়েছিলেন ফরাসি নির্মাতা মিশেল আজনাভিকুস। তবে এবারের ছবিটা একদমই ভিন্নধারার। ছবির পটভূমি চেচনিয়ার যুদ্ধ। যুদ্ধের মধ্যে
এক শিশু খঁুজছে তার মাকে। পাশে এসে দাঁড়িয়েছে এক শান্তিকর্মী। এ রকমই গল্প নিয়ে দ্য সার্চ। অভিনয় করেছেন অ্যানেট বেনিং। অস্কার আর গোল্ডেন গ্লোবে সেবার যে ঝড় তুলেছিলেন ফরাসি নির্মাতা আজনাভিকুস, সেটা হলিউড মনে রাখবে অনেক দিন। এবার তাঁর নিজের দেশে দ্য সার্চ কী বয়ে আনে দেখা যাক।

টু ডেজ ওয়ান নাইট
দারদেন ভ্রাতৃদ্বয় মানেই কান উৎসবে মারমার কাটকাট। স্বর্ণ পাম জেতাটাকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন জঁ পিয়ের দারদেন ও লুক দারদেন নামের এই দুই ভাই। তো তাঁদের ছবি যখন উৎসবে প্রতিযোগিতা বিভাগে আছে, সেটা নিয়ে শোরগোল তো হবেই। এবার তাঁদের ছবির বাড়তি আকর্ষণ অভিনেত্রী ম্যারিয়ন কটিলার্ড। এই ছবিতে চাকরি বাঁচাতে মরিয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।