
বছর খানেক হলো যাত্রা শুরু করেছে স্টিলবর্ন ব্যান্ড। ব্যান্ডটি ৭০-৮০ দশকের ইংলিশ হার্ড রক/ক্ল্যাসিক মেটাল গান করে থাকে। তিন বন্ধু তান্না, নোবেল ও অমি মিলে শুরুতে হার্ড রক ব্যান্ড তৈরির চিন্তা করেন। শুরু হয় ব্যান্ডের নতুন সদস্য খোঁজা। অল্প সময়ের মধ্যেই পেয়ে যান সামি আর বাসিলকে। ব্যান্ডের প্রথম মহড়ায় তাঁরা বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁদের ধারণা, তাঁরা একসঙ্গে ভালো কিছু করতে পারবেন। শুরু হয় স্টিলবর্ন ব্যান্ডের পথচলা।
ব্যান্ড শুরুর কিছুদিনের মাথায় ‘ব্যাটল অব ব্যান্ডস’ নামের এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্টিলবর্ন। জিতে নেয় প্রথম পুরস্কার, আলাদাভাবে ব্যান্ডের অন্য সদস্যরাও অর্জন করেন আরও কয়েকটি পুরস্কার। সে প্রতিযোগিতায় ব্যান্ডটি দুইটা কভার ও একটা নিজেদের গান করে। এরপর কয়েকটি রেডিও শো করে ব্যান্ডটি। বর্তমানে ব্যান্ডের সদস্যদের পরিকল্পনা শুধু নিজেদের গান নিয়ে কাজ করা, সেভাবেই সামনের দিকে এগোচ্ছেন তাঁরা।
স্টিলবর্ন ব্যান্ডের লক্ষ্য ভালো ও সুস্থ ধারার গান করা। বাংলাদেশ থেকে একসময়ের জনপ্রিয় গানের ধারা হার্ড রক, যা এখন খুব একটা নেই তা আবার ফিরিয়ে আনা।
স্টিলবর্ন ব্যান্ডের সদস্যরা ব্যক্তিগত জীবনেও সবাই ব্যস্ত। কেউ চাকরি করেন, কেউ পরিবার নিয়ে সময় কাটান। সবকিছুর পরও তাঁরা ব্যান্ডের জন্য সময় বের করেন। প্রতিদিনই মহড়া করেন।
স্টিলবর্ন মূলত ডিও, ডিপ পার্পল, ব্ল্যাক সাবাথ, হোয়াইট স্নেক, রেইনবো এবং ৭০-৮০ দশকের হার্ড রক/ক্ল্যাসিক মেটাল ব্যান্ডগুলো দ্বারা প্রভাবিত এবং অনুপ্রাণিত। স্টিলবর্ণ নাম রাখার একটাই উদ্দশ্যে, ইস্পাত থেকে তৈরি কোনো প্যাটার্ন চাইলেই সহজে যেমন ভাঙা যায় না, চাইলেই পাল্টানো যায় না এর আকৃতি; তেমনি অদম্য মানসিকতা, দৃঢ়তা, হার্ড রক/ক্ল্যাসিক মেটালের অ্যাগ্রেসিভনেস থেকেই স্টিলবর্ণ নামকরণ করা হয়। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ব্যান্ডটি এগিয়ে যাচ্ছে, তা ধরে রাখতে চায় শেষ পর্যন্ত।
স্টিলবর্ন ব্যান্ডের লাইন আপ : নোবেল (কণ্ঠ) সামি (লিড গিটার), তান্না (রিদম গিটার), অমি (বেজ গিটার) বাসিল (ড্রামস)।