পয়লা বৈশাখে আসছে 'শঙ্খচিল'?

গৌতম ঘোষের নতুন ছবি শঙ্খচিল কবে মুক্তি পাচ্ছে? জানা গেছে, যৌথ প্রযোজনার এ ছবিটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখে মুক্তি দিতে চাইছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। ছবিটির মুক্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার ইমপ্রেস টেলিফিল্ম এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে অংশ নেবেন পরিচালক গৌতম ঘোষ।
উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ছবির নায়ক প্রসেনজিৎ। যৌথ প্রযোজনার এ ছবির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান প্রসেনজিতের আইডিয়াস ক্রিয়েশনস। ছবিতে আরও অভিনয় করেছেন কুসুম সিকদার, মামুনুর রশীদ, সাঁঝবাতি, প্রবীর মিত্র প্রমুখ। ছবির বেশির ভাগ কাজ হয়েছে সাতক্ষীরায়।
এদিকে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় নন্দন চত্বরে শঙ্খচিল ছবির পোস্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, দীপংকর দে, প্রসেনজিৎ, কুসুম সিকদার, সাঁঝবাতি, হাবিবুর রহমান খান, সৃজিৎ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি প্রমুখ।
আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান জানান, ছবিটি পাঠানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। যদি এই উৎসবে ছবিটি প্রদর্শনের সুযোগ ঘটে, তাহলে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হবে।