পয়লা বৈশাখে তারকার রসুইঘর

সামিনা চৌধুরী
পয়লা বৈশাখ আসার আগ থেকেই মনে এক অনাবিল আনন্দ দোলা দিতে থাকে। পয়লা বৈশাখ মানে তো পান্তা-ইলিশের ধুম; কিন্তু তার পরও কথা থাকে। বৈশাখের প্রথম দিনে পান্তা-ইলিশের পাশাপাশি আর কিছু কি থাকে না? থাকে। সে কথা একটু পরে বলব। আগে বলে নিই, পয়লা বৈশাখে আমরা কিন্তু বাসায় থাকি না, বিভিন্ন স্থানে পরিবারসহ ঘুরে বেড়াই। আমার ক্ষেত্রে নিজের বাড়িতে বৈশাখ উদ্যাপনের আনন্দ শুরু হয় বৈশাখের দ্বিতীয় দিন। এ দিন আমার বাসায় মা, ভাইবোন, আত্মীয়স্বজন—সবাই জড়ো হন। আনন্দের ঝরনাধারায় যেন ভাসতে থাকি আমরা।
তবে আনন্দের এই দিনে কী করি আমি? রাঁধুনি হিসেবে যেহেতু আমার সুনাম আছে, তাই রসুইঘরে ঢুকে গরুর মাংস ভুনা ও সবজি দিয়ে বিশেষ এক ধরনের শুঁটকি তৈরি করি। আর রান্না করি ঘন ডাল ও বিভিন্ন রকম ভর্তা। কালোজিরা দিয়ে ভর্তা বানাতে আমি কিন্তু ওস্তাদ। হলফ করে বলতে পারি, আমার হাতের কালোজিরা ভর্তা খাওয়ার পর এর স্বাদ ভুলতে বেশ চেষ্টা-চরিত করতে হবে আপনাদের। এবার বৈশাখেও আমার রসুইঘর ভরে উঠবে পান্তা-ইলিশে। তবে স্পেশাল হিসেবে নিশ্চয় সেখানে থাকবে গরুর মাংস ভুনা আর শুঁটকি। এখন শুধু দিন গোনা এবং এসো হে বৈশাখের প্রতীক্ষা।

অপি করিম
আপনারা যদি মনে করেন রাঁধুনি হিসেবে আমি খুব পাক্কা, তবে ঠকবেন নিশ্চয়। আমি বরং বলি মায়ের রান্নার অ্যাসিসটেন্ট হিসেবে আমি এক শতে এক শ। পয়লা বৈশাখে রান্নাবান্না সব আমার মা-ই সামাল দেন। আমার কাজ তাঁর অ্যাসিসটেন্টগিরি করা। তা বলে কিন্তু ভাববেন না যে আমি দুধভাত, পয়লা বৈশাখে কিছুই রান্না করি না আমি। আমাদের বাসায় পান্তা-ইলিশ মা রাঁধেন। আর আমি তৈরি করি ভর্তা—আলু ভর্তা, টমেটো ভর্তা। আমার তৈরি ভর্তাদি ভক্ষণের পর আপনাকে বলতেই হবে, ‘আহ, কী খেলাম!’
প্রতি পয়লা বৈশাখেই নানা রকম ভর্তা নিয়ে তোড়জোড় শুরু হয় আমার। এবারও তার ব্যতিক্রম হবে না। বৈশাখের প্রথম দিন হয়তো বাসাতেই থাকব। রান্নাঘরে মায়ের পাশে সদাপ্রস্তুত থাকব আমি। অতিথিরা আসবেন। তাঁদের আপ্যায়ন করব—খেতে দেব আমার বানানো ভর্তা। শেষে বলি: ভর্তাকে হেলা করবেন না। সুস্বাদু ভর্তা তৈরিও কিন্তু বেশ কঠিন কাজ...হা হা হা।

কোনাল
বৈশাখ এলে মনে পড়ে কুয়েতের কথা। আমরা যখন কুয়েতে ছিলাম, তখন নানা রকম মজা করে দিনটি উদ্যাপন করতাম। বিভিন্ন ধরনের রান্নাবান্নায় আম্মুকে সহযোগিতা, হই-হুল্লোড়—এভাবেই কেটে যেত এই বিশেষ দিন। কিন্তু এবারের পয়লা বৈশাখ আমার কাছে অন্য রকম। কারণ, বাংলাদেশে এবারই প্রথম আম্মুর সঙ্গে পয়লা বৈশাখ কাটাব আমি। এ জন্য ভেতরে ভেতরে আমার প্রস্তুতিও ব্যাপক। আসলে এদিন আমি কী করব? আপনাদের চুপি চুপি বলি: বৈশাখের প্রথম দিনে সেদ্ধ ইলিশ রান্না করব। রান্নাটি শিখেছিলাম বাবার কাছ থেকে। আমার কাছে সেদ্ধ ইলিশ এক বিশেষ ধরনের মেন্যু। আপনি যদি এ খাবার না খান, তবে এর মাহাত্ম্য বুঝবেন না। অতএব, সেদ্ধ ইলিশের সুঘ্রাণ নিতে এবারের পয়লা বৈশাখে বন্ধুবান্ধব সবাই আসতেই পারেন।