পয়লা বৈশাখে ‘গেরিলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দীন ইউসুফের নতুন ছবি গেরিলা মুক্তি পাচ্ছে পয়লা বৈশাখ। গতকাল রোববার ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ছবিটি। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, শিগগিরই ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা।এদিকে ভারতের মুম্বাইতে ছবির শুটিং-পরবর্তী কাজ শেষ করেছেন নাসির উদ্দীন ইউসুফ। গত শনিবার তিনি সেন্সর প্রিন্ট নিয়ে দেশে ফিরেছেন। ছবির নির্বাহী প্রযোজক এষা ইউসুফ জানান, ভারতের বিনোদ সুব্রামানিয়ান রক অন ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি গেরিলা ছবির সাউন্ড ডিজাইনের কাজ করছেন। স্পেশাল ইফেক্টের কাজ করছেন ইন্দ্রনীল রায়। সম্পাদনার কাজ হচ্ছে পিকজিয়নে। ছবির প্রসেসিং ও ৩৫মি.মি. প্রযুক্তিতে পরিবর্তনের কাজ হচ্ছে রিলায়েন্স মিডিয়া ওয়ার্কসে। এষা বলেন, ‘ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’এদিকে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস এবং মুক্তিযুদ্ধে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে তৈরি করেছি ছবিটি। চিত্রনাট্য করেছি যৌথভাবে আমি ও এবাদুর রহমান। ছবিতে দর্শকেরা মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র নিয়ে আমার ভাবনার জায়গাটা পরিষ্কার বুঝতে পারবেন। তবে ছবিটি কেমন হবে, তা দেখার পর দর্শকই বলতে পারবেন।’নাসির উদ্দীন ইউসুফ জানান, ছবিটির শুটিং-পরবর্তী কাজের জন্য বিভিন্ন পর্যায়ে মোট ৩৩ দিন মুম্বাইতে থাকতে হয়েছে তাঁকে। ছাড়পত্র পাওয়ার পর আবারও যাবেন ছবির চূড়ান্ত প্রিন্ট করার জন্য।ছবিতে অভিনয়করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, ফেরদৌস, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিকে এষা ইউসুফ জানান, ছাড়পত্র পাওয়ার পরই গেরিলা ছবির প্রচারের কাজ শুরু করবেন তাঁরা।