ফকির আলমগীরের অ্যালবাম ‘সাভার ট্র্যাজেডি’
সাভার ট্রাজেডি নিয়ে কয়েকটি গান তৈরি করেছেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। এবার এ গানগুলো নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সাভার ট্র্যাজেডি’। জানা গেছে, সাভার ট্র্যাজেডি অ্যালবামটি সাজানো হয়েছে ১০ টি গান ও ৩টি কবিতা দিয়ে। কবিতা তিনটির আবৃত্তিকাররা হলেন আসাদুজ্জামান নূর, আহকামউল্লাহ ও মাহিদুল ইসলাম।অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘আমি মনে করি গান মানবতার জন্য। গানে গানে আমি সব সময় সে কথাই বলি। সাভার ট্র্যাজেডি অ্যালবামে গানের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে আবৃত্তি রাখা হয়েছে। এতে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন বলে বিশ্বাস করি।’ফকির আলমগীরের নতুন অ্যালবাম ‘সাভার ট্র্যাজেডি’র গানের কথাগুলো লিখেছেন তপন বাগচী, শিপ্রা দাস ও ফকির আলমগীর নিজে। অ্যালবামে কোন ধরনের গান থাকছে এমন প্রশ্নে ফকির আলমগীর বলেন, থাকছে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমা, উদ্ধারের শেষ মুহূর্তে না ফেরার দেশে চলে যাওয়া শাহীনা ও অন্যের জীবন বাঁচাতে মৃত্যুবরণ করা উদ্ধারকারী কায়কোবাদ, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ও এনাম মেডিকেল কলেজকে নিয়ে গান। মৌলিক গানের পাশাপাশি থাকবে রুদ্র মুহাম্মদ শহীদুল্লার দুটি কবিতা নিয়ে গান। যাতে সুরারোপ করেছি আমি নিজে।’