ফখরুল ইসলামের ‘ছায়া ও আলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিভৃতচারী শিল্পী ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম। তাঁর শিল্প একদিকে যেমন খ্যাতি পেয়েছে রহস্য, বিমূর্ততা আর সূক্ষ্ম ধারার জন্য, তেমনি অন্যদিকে আবার তিনি নিজেও বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন তাঁর শিল্প সৃষ্টির নিজস্ব ধরনের জন্য। তরুণ শিল্পীদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। ছোট-বড় অনেকেই তাঁকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। তিন মাস আগে সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে হঠাৎ করেই তিনি চলে যান না-ফেরার দেশে। প্রয়াত শিল্পী ফখরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজন করেছে তাঁর নির্বাচিত শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী ‘ছায়া ও আলো’।মঙ্গলবার বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক অলিভার লিতভিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম।শিল্পী ফখরুল ইসলাম ছবি আঁকার ক্ষেত্রে তৈরি করেছিলেন তাঁর নিজস্ব ভাষা। ছবিতে আকৃতিগত নয় বরং বিমূর্ততাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি দর্শকদের তাঁদের নিজস্ব চিন্তাধারা ও চেতনার স্বাধীনতা প্রদানে বিশ্বাসী ছিলেন। শিল্পী আবার একেবারে বিমূর্ত ধারণায় বন্দী না থেকে বরং ধারণা ও দেখা, মননশীলতা ও শরীরকে একই সঙ্গে উপস্থাপন করেছেন। কিছু ছবিতে শারীরবৃত্তীয় অবয়বের প্রাধান্য খুঁজে পাওয়া যায়। শিল্পী ফখরুল ইসলাম তাঁর দর্শকদের জন্য সংযোগ, চিন্তা আর নিজস্ব ব্যাখ্যা তৈরির সুযোগ করে দিয়েছেন। প্রদর্শনীতে শিল্পীর ২৯টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। মাধ্যম হিসেবে তিনি অয়েল অন পেপার ও মিক্সড মিডিয়া ব্যবহার করেছেন। প্রদর্শনী ২৪ জুলাই পর্যন্ত চলবে।