ফজলুল হক পুরস্কার পেলেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হক স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে (বাঁ থেকে) শহীদুল হক খান, মুহাম্মদ জাহাঙ্গীর, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক ও মাসুদ পারভেজ l ছবি: প্রথম আলো
ফজলুল হক স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে (বাঁ থেকে) শহীদুল হক খান, মুহাম্মদ জাহাঙ্গীর, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক ও মাসুদ পারভেজ l ছবি: প্রথম আলো

জেলা শহর বগুড়া থেকে সিনেমা নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেন ফজলুল হক। এই পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের সিনেমাবিষয়ক প্রথম মাসিক সাময়িকী। সেই সূত্রে এ দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। ষাটের দশকে প্রেসিডেন্ট নামে দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রটিও নির্মাণ করেন তিনি। সোমবার ছিল এই গুণীজনের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনার জন্য মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামে পরিচিত এবং চলচ্চিত্র সাংবাদিকতার জন্য শহীদুল হক খান।
শুরুতে ফজলুল হকের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। ফজলুল হকের স্মৃতিচারণা করেন এবং তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন তাঁর পরিবারের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের পদক ও সম্মাননা তুলে দেন এর প্রবর্তক কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ শামসুল হক। এ সময় ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর।
পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মাসুদ পারভেজ বললেন, অভিনয়শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেলেও চলচ্চিত্র পরিচালনার জন্য এ পুরস্কার তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হক ভবিষ্যতে ফজলুল হককে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ফজলুল হকের ছেলে ফরিদুর রেজা সাগরকে বাবার নামে একটি সিনেমা সিটি নির্মাণের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণা করেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, মোরশেদুল ইসলাম, শিশুসাহিত্যিক আলী ইমাম, অভিনয়শিল্পী আফজাল হোসেন প্রমুখ।