ফজলুল হক স্মৃতি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হক স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে অতিথিরা ষ প্রথম আলো
ফজলুল হক স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে অতিথিরা ষ প্রথম আলো

চোখে মোটা ফ্রেমের চশমা। সাদা-কালো আলোকচিত্রে তাঁর অবস্থান মঞ্চের এক পাশে থাকা ব্যানারে। ছবির পাশে নানা রঙের ফুল। কারও ছবিতে ফুলের উপস্থিতি থাকলে তাহলে ধরে নিতে হবে মানুষটি আর নেই। তাঁকে পাওয়া যাবে না কোনো আয়োজনে, প্রয়োজনে। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেহান্তর মানেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। তাঁর কর্ম সময়কে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক তেমনই একজন। তাঁকে স্মরণ করে গতকাল দেওয়া হয়েছে ফজলুল হক স্মৃতি পুরস্কার।
২০০৪ সাল থেকে প্রবর্তিত এ পুরস্কার এবার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনার জন্য চিত্রনায়ক রাজ্জাক এবং চলচ্চিত্র সাংবাদিকতার জন্য রেজানুর রহমান। গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও সভাপতি কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

ফারজানা ব্রাউনিয়ার ঘোষণায় অনুষ্ঠানের শুরুতে রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়ে শোনান ‘তুমি রবে নীরবে’ গানটি। এরপর অনুষ্ঠানটি এগিয়ে যায় ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীরের উপস্থাপনার মধ্য দিয়ে। কখনো সহকর্মী, সহশিল্পী আবার কখনো পরিবারের সদস্যদের স্মৃতিচারণায় উঠে আসে ফজলুল হকের বর্ণাঢ্য জীবন। আবদুল্লাহ আবু সায়ীদের সাবলীল কিন্তু নান্দনিক বক্তব্য সমাগতদের ভিন্ন স্বাদ দেয়। অনুষ্ঠানে ফজলুল হক সম্পর্কে স্মৃতিচারণা করেন প্রবীণ অভিনেতা ফরিদ আলী, গীতিকার কে জি মোস্তফা, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, ফজলুল হকের ভাই নূরুল আলম, মেয়ে কেকা ফেরদৌসী, চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান প্রমুখ। আবৃত্তি করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন।
ফজলুল হক জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২৬ মে বগুড়ায়। মৃত্যুবরণ করেন ১৯৯০ সালের ২৬ অক্টোবর। তাঁর স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি প্রতিবছর দুজন ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করে আসছে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননাপত্র ও ক্রেস্ট।