ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন আজিজুর রহমান ও মোস্তফা জব্বর

চলচ্চিত্রবিষয়ক পত্রিকার সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক ফজলুল হক স্মরণে এ বছর ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার প্রদান করা হয়েছে। এ বছর চলচ্চিত্র পরিচালনায় পুরস্কার পেয়েছেন আজিজুর রহমান এবং সাংবাদিকতায় মোস্তফা জব্বর। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা। এ ছাড়া আছে সম্মাননাপত্র ও ক্রেস্ট।
ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে প্রতিবছর দুজন ব্যক্তিত্বকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করে আসছে। ফজলুল হকের স্ত্রী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সভাপতি সৈয়দ সালাহউদ্দিন জাকী।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা ফজলুল হকের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও নিজেদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ফজলুল হকের ওপর নির্মিত একটি তথ্যচিত্র ‘দ্য ফ্রন্টিয়ার ম্যান’ দেখানো হয়। এটি নির্মাণ করেছেন শহীদুল আলম সাচ্চু। পুরস্কার প্রদানের আগে আহমাদ মাযহার সম্পাদিত ফজলুল হক ‘অগ্রগামী স্বাপ্নিক’ একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ।
ফজলুল হক স্মরণে স্মৃতিচারণা করেছেন আলী ইমাম, চিন্ময় মুৎসুদ্দি, গাজী মাজহারুল আনোয়ার, মতিন রহমান, আবদুর রহমান, রেজানুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, নুরুল আলম বাবু, ফজলুল হক পরিবারে সদস্য কনা রেজা, ফরহাদুর রেজা প্রবাল, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী প্রমুখ।
চলচ্চিত্র ব্যক্তিত্ব ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।