
এ প্রজন্মের প্রতিনিধিরা ফজলুল হককে কতটুকুই জানেন? তিনি যে যুগকে নিয়ে এগিয়েছিলেন, সে সময়টাতে পর্দায় সামনের সফল মানুষদের সবাই তাঁকে চিনতেন। তিনি ছিলেন তাঁর সময়ের থেকে এগিয়ে। একটা সময় প্রকৃতির নিয়মে তাঁর দেহান্তর হয়, চলে যান তিনি। কিন্তু তাঁর কর্ম সময়কে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর পরিচালক ফজলুল হক তেমনই একজন। তাঁকে স্মরণ করে গতকাল দেওয়া হয়েছে ফজলুল হক স্মৃতি পুরস্কার।
ফজলুল হকের সহধর্মিণী প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন। ২০০৪ সালে প্রবর্তিত এ পুরস্কার এবার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আরেফিন বাদল।
প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননাপত্র ও ক্রেস্ট। পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কথাশিল্পী সৈয়দ শামসুল হক ও কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।
রোববার দুপুরে মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন, আবু মুসা, ফজলুল হকের ঘনিষ্ঠ মো. নুরুল আলম, ছোটভাই ফজলুল আলম, শিশুসাহিত্যিক আলী ইমাম, জামাতা মুকিত মজুমদার, বড় মেয়ে কেকা ফেরদৌসী প্রমুখ। পুরস্কার এবং ফজলুল হক প্রসঙ্গে বক্তৃতা দেন সারাহ বেগম কবরী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী, আবদুর রহমান, রেজানুর রহমান, চিত্রপরিচালক সোহানুর রহমান, গোলাম রব্বানী, ছোট জামাতা জহিরউদ্দিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের একপর্যায়ে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পিঁপড়াবিদ্যার কয়েকজন অভিনয়শিল্পীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত ফজলুল হক ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তিনি ছয় দশক আগে যে স্বপ্ন দেখেছিলেন, সে পথ ধরে আজ বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা তথা চলচ্চিত্র জগৎ এগিয়েছে। ফজলুল হকের স্বপ্নকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া ও তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি তাঁরা আহ্বান জানান। বক্তারা দেশের প্রথম সিনেমা পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রকাশক হিসেবে ফজলুল হক সফল বলে মূল্যায়ন করে বলেন, পঞ্চাশ দশকে এ দেশে সিনেমাশিল্পের যাত্রা শুরুর আগেই সিনে সাংবাদিকতা বা চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ রীতিমতো দুঃসাহসিক কাজ ছিল। প্রসঙ্গত, ১৯৫০ সালে বগুড়া থেকে সিনেমা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। পরে এটি ঢাকায় স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র সম্মুখ পানের যাত্রী উপস্থিত অতিথিদের দেখানো হয়। দুই বাংলা ঘুরে এটি নির্মাণ করেছেন শহীদুল আলম।
ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আবদুল্লাহ জেয়াদের সম্পাদনায় একটি স্মরণসংখ্যা প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক ছায়ালোক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এটির মোড়ক উন্মোচন করেন।