ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মোরশেদুল ও চিন্ময়
দেশের প্রথম সিনেমা পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রকাশকের নামে প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১০’ পেলেন মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী। যথাক্রমে চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতার জন্য এ সম্মানে ভূষিত হলেন তাঁরা।গতকাল ২৬ অক্টোবর ফজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের।গত শতকের পঞ্চাশের দশকের মাঝামাঝি এ দেশে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরুর আগেই চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেন ফজলুল হক, যা সে সময় এক দুঃসাহসিক কাজ হিসেবে বিবেচিত হয়েছিল। বগুড়া থেকে সিনেমা পত্রিকাটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৫০ সালে। ষাটের দশকের শুরুতে ফজলুল হক প্রেসিডেন্ট নামে শিশুতোষ একটি চলচ্চিত্রও নির্মাণ করেন।গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সৈয়দ শামসুল হক ও ফজলুল হক স্মৃতি পুরস্কারের প্রবর্তক রাবেয়া খাতুন। ফজলুল হক সম্পর্কে স্মৃতিচারণা করেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, আফজাল হোসেন, আলী ইমাম, সৈয়দ সালাউদ্দিন, পুরস্কৃত চিন্ময় মুৎসুদ্দী ও মোরশেদুল ইসলাম, প্রয়াত ফজলুল হকের ভাই ফজলুল আলম এবং মেয়ে কেকা ফেরদৌসী।এর আগে এই পুরস্কার পেয়েছেন ফজল শাহাবুদ্দীন, আহমদ জামান চৌধুরী, চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, আবদুর রহমান, গোলাম রব্বানী বিপ্লব, সৈয়দ শামসুল হক ও আমজাদ হোসেন। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে শহীদুল আলম সাচ্চু নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখের যাত্রী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহম্মদ জাহাঙ্গীর।এ দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্রশিল্পের বিকাশে ফজলুল হকের অবদানকে স্মরণীয় করে রাখতে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতির জন্য ২০০৪ সালে ‘ফজলুল হক স্মৃতি পদক’ প্রবর্তন করা হয়। পরিবেশদূষণ ও দুর্নীতি নিয়ে কার্টুনধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শিল্পী আবু সেলিমের কার্টুন প্রদর্শনী। এতে ২২টি কার্টুন প্রদর্শিত হচ্ছে। এসব কার্টুনে উঠে এসেছে প্রচলিত রাজনীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা ও পরিবেশ ধ্বংসের নানা চিত্র। বিচিত্রধর্মী বিষয়ের এ কার্টুন প্রদর্শনী দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। গতকাল প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন শিল্পী আবু সেলিম। তিনি জানান, এটি তাঁর দশম একক প্রদর্শনী। তবে কার্টুনের ক্ষেত্রে প্রথম একক প্রদর্শনী। আবু সেলিম বললেন, ‘আমি ভালোবাসি জল রঙে কাজ করতে। কিন্তু হঠাৎ কার্টুন নিয়ে কাজ করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে। দেশের একটি শ্রেণী যেভাবে দুর্নীতি করে, পরিবেশ ধ্বংস করে ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তা দেখে একজন শিল্পী হয়ে নিজেকে আর জল রঙের বৃত্তে আটকে রাখতে পারিনি।’২২টি কার্টুনের মাধ্যমে আবু সেলিম বোঝাতে চেয়েছেন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ভেঙে পড়েছে দুর্নীতি এবং পরিবেশ দূষণ—এ দুই রকমের দূষণের কারণে। নির্বিচারে খাল-বিল দখল ও বন উজাড় হওয়ার চিত্র এঁকেছেন তিনি। ছবিতে উঠে এসেছে এই অনাচারের শিকার মানুষের দুর্গতিও। কার্টুন প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।