ফটোসুন্দরী থেকে নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাগাজিনের পাতা ওল্টালেই কত না মুখের ছবি চোখে পড়ে! শ্রেয়ারও মনে হলো, ইস্ যদি নিজের একটা ছবি এভাবে ছাপা হতো!যেন স্বপ্নেই বিচরণ করেন তিনি। খুঁজে বেড়ান তেমনি একটা সুযোগের।পেয়েও গেলেন। ২০০৮ সালের বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় নিজের ছবি পাঠালেন।তারপর তিনি সেরা কয়েকজনের একজন হয়ে গেলেন। ফটোশুট করতে গিয়ে আনন্দে যেন একটু কেঁদেও ফেললেন।কথায় বলে, স্বপ্নের জগতের কোনো সীমা নেই। শ্রেয়া বিভিন্ন বুটিক হাউসের পোশাকের মডেল হলেন। খবরের কাগজে সেই ছবি ছাপা হওয়ার প্রথম দিনটাতে কী খুশিই না হলেন!এবার ইচ্ছা হলো ক্যামেরাবন্দী হওয়ার। টিভি নাটকে অভিনয় শুরু করলেন। দু-একটি নাটকে কাজ করতে করতেই আখতার ফেরদৌস রানারপৃথিবীর সব রূপ মেখে আছে ঘাসে নাটকটিতে কাজ করার সুযোগ পেলেন তিনি। এখান থেকেই যেন শ্রেয়া আরও একধাপ এগিয়ে গেলেন।চলচ্চিত্রনির্মাতা অপূর্ব রানার দৃষ্টিতে পড়লেন তিনি। কথা হলো এবং সবকিছুই যখন চূড়ান্ত হলো, শ্রেয়া তো নিজেই বিস্মিত। এ যেন মেঘ না চাইতেই জল। ‘ব্যাপারটা আমার কাছে অনেকটাই সে রকম। বড় পর্দায় কাজ করব, আমার পোস্টার হবে, এসব যেন স্বপ্নের মতোই মনে হলো। কাজ শুরু করলাম। দেখলাম, সিনেমা মানেই বিশাল আয়োজন। কাজ করতে করতেই আমি সিনেমার প্রেমে পড়ে গেছি।’ বলছিলেন শ্রেয়া।ফেব্রুয়ারির ৯ তারিখে মুক্তি পেল শ্রেয়া অভিনীত প্রথম চলচ্চিত্র জীবনে তুমি মরণে তুমি ছবিটি। ছবি মুক্তির আগের দিন শ্রেয়া কতই না টেনশনে! ছবির কী হবে? দর্শক কীভাবে তাঁকে নেবে? ছবির প্রথম প্রদর্শনীতে কি দর্শক সিনেমা হলে থাকবে?সারা রাত নির্ঘুম থাকলেন তিনি। সকালবেলা শুধুই পায়চারি। প্রথম প্রদর্শনীর খবর পেলেন তিনি। ছবিটি নাকি চিত্রামহল প্রেক্ষাগৃহে, দর্শকপূর্ণ। শ্রেয়ার ইচ্ছা হচ্ছিল ওই সময়ই তিনি ছুটে যাবেন প্রেক্ষাগৃহে।এরপর তিনি নিজেই মতিমহল প্রেক্ষাগৃহে চলে গেলেন। ‘ওরে দর্শক সেখানে! মাঝেমধ্যে যখন দর্শক হাততালি দিত, তখন আমি শুধু হাসতাম। কী করব ভেবে উঠতে পারছিলাম না। বড় পর্দায় নিজেকে দেখে ভালো লাগল।’ বললেন শ্রেয়া।যখন শ্রেয়া বিনোদন বিচিত্রাতে অংশ নিয়েছিলেন, তখন তিনি ইডেনে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বছর তিনি ফাইনাল পরীক্ষা দেবেন।এরপর মাস্টার্স শেষ করবেন। তারপর কী করবেন তিনি?‘কেন, অভিনয়? এরই মধ্যে নজরুল ইসলাম খানের পাগলা হাওয়া ছবিটিতে কাজ করছি। আরও কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। অল্প কয়েক দিনের মধ্যেই আরও কিছু ছবি হাতে নেব। বলতে পারেন, অভিনয় করার নেশাটা আমাকে পেয়ে বসেছে।’ বলছিলেন তিনি।