
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ঢোকার মুখে রঙ্গন ফুলের গাছ। গাঢ় কমলা রঙের ফুল এসেছে তাতে। ওই ফুলের আশপাশে কিছু একটা উড়তে দেখা গেল! ফড়িং নাকি? সামনে গিয়ে ভালোভাবে খেয়াল করতেই বোঝা গেল, দেখার ভুল। অন্য কোনো পতঙ্গ হবে। নাম না জানা পতঙ্গ। লিফটে পাঁচতলায় উঠতেই অবশ্য ঘরভরতি ফড়িং দেখে চোখ জুড়াল! গতকাল রোববার বিশ্বসাহিত্য কেন্দ্র চিত্রশালায় শুরু হয়েছে তরুণ আলোকচিত্রী কবীর শাহরীয়ারের একক আলোকচিত্র প্রদর্শনী ‘যে জীবন ফড়িঙের’।
বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষক শফিক হায়দার চৌধুরী। দেয়ালে ফড়িঙের ছবিগুলো দেখে প্রবীণ এই শিক্ষক যারপরনাই মুগ্ধ, ‘আমরা কেবল বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গ প্রজাতি সংরক্ষণের কথা বলি। মুখে বলে বলে কিছুই হয় না। কবীর শাহরীয়ারের এই ছবিগুলো যখন কিশোর-তরুণেরা দেখবে, তখন তারা জানবে ফড়িং কত সুন্দর! এর মাধ্যমেই তারা বুঝতে শিখবে এদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই।’
দেশের নানা প্রান্তে ঘুরে প্রায় ৫৬টি প্রজাতির ফড়িঙের ছবি তুলেছেন কবীর। এর মধ্যে ছয়টি প্রজাতির কোনো তথ্যই বাংলাদেশে কোথাও লিপিবদ্ধ ছিল না। নান্দনিকতার পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের এই দিকটির কথাও গুরুত্বের সঙ্গে মনে করিয়ে দিলেন শফিক হায়দার চৌধুরী।
কথাসাহিত্যিক আনিসুল হক বললেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদকে একবার প্রশ্ন করেছিলাম, আপনার প্রিয় উপদেশ কোনটি? উত্তরে বলেছিলেন, “বোকা হোস”! তখন বুঝিনি, এখন বুঝি, পৃথিবীতে বড় পরিবর্তন আনে বোকারাই। তারাই কোনো কিছু না ভেবে দেশের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। তাই বোকাদের মতো আমাদের কিছু পাগলও দরকার। কবীর সেই পাগলদের একজন। দেশের নানা প্রান্তে ঘুরে সেলফি না তুলে ফড়িঙের ছবি তুলেছেন। এই ছবিগুলো দেখে আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখব।’
কবীর শাহরীয়ার বললেন, ‘ফড়িংগুলোকে ক্যামেরাবন্দী করতে ভালো লেগেছে, তার আগে অত কিছু ভাবিনি। এর মাঝে যে ছয়টি প্রজাতির নাম-ধাম কোথাও লিপিবদ্ধ ছিল না, সেটা জেনেছি শফিক স্যারের কাছে। আমাদের আশপাশে সব সময় ফড়িংগুলো উড়ে বেড়াক, এতটুকুই চাওয়া।’ সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী আজও চলবে, বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।