ফরাসি চলচ্চিত্রকার ক্লদ শ্যাব্রল আর নেই
ফরাসি ন্যুভেল ভাগ (নব তরঙ্গ) ধারার অন্যতম তাত্ত্ব্বিক ও রূপকার এবং আন্তর্জাতিক অঙ্গনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্লদ শ্যাব্রল (৮০) আর নেই। গত রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকালই প্যারিসের উপ-মেয়র ক্রিস্তফ জিরার শ্যাব্রলের মৃত্যুর কথা জানান। আরেক নগর কর্মকর্তাও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ক্রিস্তফ জিরার তাঁর বক্তব্যে বলেছেন, ‘অনর্গল কথা বলতে ভালোবাসতেন তিনি, মুক্ত মানসের অধিকারী এই লোকটি ফরাসি চলচ্চিত্রের প্রবাদপ্রতিম এক ব্যক্তিত্ব। ধন্যবাদ শ্যাব্রল, ফরাসি চলচ্চিত্রের জন্য যা কিছু করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।’ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি চলচ্চিত্রে শ্যাব্রলের অবদানকে ফরাসি কথাসাহিত্যে রাবেলা ও বালজাকের শিল্পকৃতির সমমানের বলে উল্লেখ করেছেন।নব তরঙ্গ ধারার অন্যতম তাত্ত্ব্বিক ও রূপকার এই চলচ্চিত্রকার তাঁর ৬০ বছরেরও অধিক পেশা জীবনে ৭০টিরও বেশি ছবি এবং টিভি অনুষ্ঠান নির্মাণ করেছেন। তাঁর প্রথম ছবি ‘ল ব্যু সার্জ’ ১৯৫৮ সালে মুক্তি পায়। ছবিটি তাঁকে নতুন ধারার চলচ্চিত্রকারের খ্যাতি এনে দিয়েছিল। এর জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে তিনি সিলভার সেইল অ্যাওয়ার্ড পান। ছবিটি ফ্রান্সে নব তরঙ্গ চলচ্চিত্র ধারায় অনুঘটকের কাজ করে।শ্যাব্রলের বিখ্যাত দুই ছবি হচ্ছে ‘লে বিশ’ (১৯৬৮) এবং ‘ল বুশে’ (১৯৭০)। তিনি তাঁর প্রিয় অভিনেত্রী ইসাবেল হুপার্টকে নিয়ে ‘মেরসি পুর ল শোকোলা’, ‘ভিয়োলেত নোজিয়ের’, ‘উন অ্যাফেয়ার দ্য আঁ ফাম’ নামের ছবিগুলো বানিয়েছিলেন। প্রবীণ হয়ে গেলেও শেষ দিন পর্যন্ত এমনকি ২০০৯ সালেও তিনি ছবি বানিয়েছেন। শেষ ছবি ‘বেলামি’তে নায়ক ছিলেন ফ্রান্সের নায়করাজ হিসেবে খ্যাত জেরার দ্রেপারদিউ।পরিচালনার পাশাপাশি তিনি ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ গায়ক শার্জ গেইন্সব্যুরোর জীবন অবলম্বনে নির্মিত ‘গেইন্সব্যুরো’ (২০১০) ছবিতে তিনি সংগীত প্রযোজকের ভূমিকায় অভিনয় করেছেন।শ্যাব্রলের ছবিগুলো বুর্জোয়া সমাজের প্রতিচ্ছবি। বুর্জোয়াদের কথিত দায়িত্বের অন্তরালে থাকা সহিংসতা ও অসামঞ্জস্যকে তিনি ছবির মাধ্যমে উন্মোচন করেছেন। তাঁকে কখনো কখনো কিংবদন্তী চলচ্চিত্রকার আলফ্রেড হিচককের সঙ্গেও তুলনা করা হয়।শ্যাব্রল ছিলেন নতুন ধারার চলচ্চিত্রের অন্যতম প্রবক্তা। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে ফ্রান্সে চলচ্চিত্রে যে নতুন ধারার সূত্রপাত ঘটেছিল, তিনি ছিলেন সেই ধারার অন্যতম প্রবক্তা। তাঁর মৃত্যুতে ফ্রান্সসহ সারা বিশ্ব একজন সুদক্ষ চলচ্চিত্রকারকে হারিয়েছে।ক্লদ শ্যাব্রল ১৯৩০ সালের ২৪ জুন প্যারিসে জন্মগ্রহণ করেন। সূত্র: সংবাদ সংস্থা