অক্টোবরের ২৮ তারিখে শেষ হলো টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি ছিল এ উৎসবের ২৫তম আয়োজন। ১৯৮৫ সালে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব শুরুতে দ্বিবার্ষিক উৎসব ছিল। ১৯৯১ সালে চতুর্থ উৎসবের পর থেকে নিয়মিত বার্ষিক আয়োজনে রূপ নেয়। ফলে বছর গণনার হিসাবে ২৭ বছরে উৎসব পদার্পণ করলেও এবারের আয়োজন ছিল ২৫তম। রজতজয়ন্তীর এই আয়োজনকে আরও বেশি অর্থবহ ও সফল উৎসবে রূপ দেওয়ার জন্য আয়োজকেরা এক বছর ধরে যথাসাধ্য চেষ্টা করে গেছেন। তাঁদের সেই প্রয়াস যে অনেকার্থেই সাফল্য নিয়ে এসেছে, উৎসবের সফল সমাপ্তি তা সহজেই বলে দেয়।২. ফরাসি ছবিতে রাজনৈতিক বক্তব্যের বলিষ্ঠ উপস্থিতি সেই দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের পর আর সেভাবে দেখা যায় না। তা সত্ত্বেও ফরাসি ছবি যে আগের সেই রাজনীতিমুখী অবস্থান থেকে সম্পূর্ণ সরে যায়নি, সেই প্রমাণ টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাখলেন পরিচালক লরেন লেভি। তাঁর ছবি দ্য আদার সন কেবল সাকুরা গ্রাঁ প্রি জয় করেছে তা নয়, সেই সঙ্গে তিনিও পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। ইসরায়েল ও ফিলিস্তিনের জটিল সম্পর্কের বিষয়টিকে পারিবারিক এক কাহিনির মধ্য দিয়ে ছবিতে তিনি তুলে ধরেছেন। মানবিক সম্পর্ক যে রাজনৈতিক জটিলতাকে অতিক্রম করে মানুষের হূদয়ের বন্ধনকে অনেক বেশি সুদৃঢ় করে তুলতে পারে, সাদামাটা সেই বক্তব্যকেই এক ইহুদি পরিবারের ভুলক্রমে বদল হয়ে যাওয়া সন্তান জোসেফ ও তার সঠিক ফিলিস্তিনি সত্তা ইয়াসিনের মধ্য দিয়ে পরিচালক আমাদের দেখিয়ে দিতে চেয়েছেন। তাঁর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়নি। ৩.এবারের উৎসবের জন্য ছবি জমা পড়েছিল মোট এক হাজার ৩৩২টি। এই উৎসবের এযাবৎকালের রেকর্ড এটি। গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। ছবিগুলো এসেছিল বিশ্বের ৯১টি দেশ ও ভূখণ্ড থেকে। তবে তার পরও যে উৎসবের আয়োজন পুরোপুরি ঝামেলামুক্ত ছিল তা অবশ্য বলা যায় না।টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চীন বরাবরই উৎসাহী এক অংশগ্রহণকারী দেশ। চীনের বেশ কিছু ছবি উৎসবের জন্য জমা দেওয়া হয়। সেগুলোর মধ্য থেকে প্রায় প্রতিটি বিভাগেই প্রতিযোগিতার জন্য বাছাই ছবির তালিকায় চীনের ছায়াছবি অন্তর্ভুক্ত হতে দেখা যায়। মূল প্রতিযোগিতা বিভাগে যেমন ১৫টি ছবির মধ্যে চীনের ছবি ফেং শুই অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া জাপানি পরিচালক হিরোশি ওকুহারার চীনের সঙ্গে যৌথভাবে তৈরি ছবি ব্ল্যাক স্কোয়ার প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল। একইভাবে ‘এশিয়া-মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ ছবি’র পুরস্কার বিভাগে হংকংয়ের ছবি ফ্লোটিং সিটিও অন্তর্ভুক্ত ছিল। তবে উৎসব শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে চীন ও হংকংয়ের চলচ্চিত্রনির্মাতাদের মধ্যে কয়েকজন টোকিওর উৎসবে তাঁদের যোগ দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। তবে উৎসব কমিটি অবশ্য বিলম্ব না করে চীনা ছবি প্রদর্শনে তাদের প্রস্তুত থাকার কথা জানিয়ে দেয়।৪.চীনের চলচ্চিত্রনির্মাতাদের টোকিওর উৎসব বর্জনের সিদ্ধান্তের পেছনে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া তিক্ততার প্রভাব রয়েছে। ফলে রাজনীতির টানাপোড়েন দুঃখজনকভাবে ছায়াছবির জগৎকে প্রভাবিত করতে শুরু করেছে। তবে সামান্য এই দুর্ঘটনার বাইরে ২৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব আয়োজনই ছিল নিখুঁত ও ত্রুটিমুক্ত। প্রতিযোগিতার জন্য নির্বাচিত ১৫টি ছবির প্রতিটিরই ছবির কাহিনি ও বক্তব্যের বলিষ্ঠতা, আঙ্গিক ও নির্মাণশৈলী এবং নতুনত্বের দিক থেকে ছিল খুবই আকর্ষণীয়।৫.ভারতের তরুণ পরিচালক আনন্দ গান্ধীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র শিপ অব থেসিয়াস উৎসবে শ্রেষ্ঠ শৈল্পিক অবদানের জন্য পুরস্কৃত হয়। উৎসব চলাকালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আনন্দ গান্ধী ভারতীয় চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ে লক্ষণীয় নবজাগরণের উল্লেখ করে জানিয়েছেন, দিল্লি, কেরালা ও পশ্চিমবঙ্গের তরুণ চলচ্চিত্রকর্মীরা এতে নেতৃত্বে দিচ্ছেন। ১৫টি বাছাই ছবির তালিকায় অন্তর্ভুক্ত ছিল তুরস্কের নারী পরিচালক ইয়েশিম উস্তাওগলুর আরাফ, যে ছবিতে চমৎকার অভিনয়দক্ষতা দেখানোর জন্য নায়িকা ন্যাসলিহাল আতাগুলকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ অভিনেতা সে ইয়ং জু জুভেনাইল অফেন্ডার ছবিতে অভিনয়ের জন্য। দক্ষিণ কোরিয়ার সেই ছবিটি বিশেষ জুরি পুরস্কারও লাভ করে।৬.জাপানি ছবির বিভাগে টোকিও চলচ্চিত্র উৎসব বরাবরই মূলধারার নির্মাতাদের বাইরে স্বতন্ত্র চলচ্চিত্রনির্মাতাদের তৈরি ছবিকে উৎসাহিত করার ওপর জোর দিয়ে এসেছে। এবারের শ্রেষ্ঠ ছবি বাছাই করে নেওয়ার প্রক্রিয়ায়ও ছিল সেই একই ধারা। পরিচালক ইয়ুতাকা ৎসুচিয়ার ছবি জি এফ পি বানি শ্রেষ্ঠ জাপানি ছবির পুরস্কার লাভ করেছে। অন্যদিকে এশিয়া-মধ্যপ্রাচ্যের সেরা ছবির পুরস্কার দেওয়া হয়েছে তুর্কি পরিচালক রেইস চেলিকের ছবি নাইট অব সাইলেন্সকে। ৭.বাংলাদেশের কোনো ছবি এখনো পর্যন্ত টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবির তালিকায় জায়গা করে নিতে পারেনি। গত কয়েক বছরে প্রতিটি উৎসবেই বাংলাদেশের কিছু ছবি অংশগ্রহণের জন্য জমা দেওয়া হয়। তবে প্রাথমিক বাছাইয়ে এর কোনোটাই টিকে থাকতে পারেনি। আয়োজকদের একজন কেনজি ইশিজাকা আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশের তৈরি অনেক বেশি ও ভালো ছবি টোকিওর উৎসবে যোগ দেবে।